পশ্চিমবঙ্গের জন্য তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উত্তরবঙ্গ এবং আদ্রা ডিভিশনে নতুন রেললাইন তৈরির বিস্তারিত প্রকল্প রিপোর্ট প্রস্তুতির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি শালবনি থেকে আদ্রা পর্যন্ত তৃতীয় রেললাইন নির্মাণের কাজেও ছাড়পত্র মিলেছে।
রেলমন্ত্রকের এই সিদ্ধান্তে রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিল্প এবং পণ্য পরিবহণের ক্ষেত্রেও সুবিধা বাড়বে বলে মনে করছেন রেল আধিকারিকরা।
সূত্রের খবর, শালবনি-আদ্রা তৃতীয় রেললাইন প্রকল্প দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। এই লাইনের মাধ্যমে পণ্যবাহী ট্রেন চলাচল আরও দ্রুত এবং স্বাভাবিক হবে। ফলে দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চলের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ আরও মজবুত হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর চিঠিতে জানিয়েছেন, দ্রুত বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে যাত্রী পরিষেবা এবং মালবাহী রেল চলাচলের উল্লেখযোগ্য উন্নতি হবে বলেও দাবি কেন্দ্রের।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নতুন রেললাইন এবং অতিরিক্ত ট্র্যাক নির্মাণের ফলে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।