মালদহ রেল ডিভিশনে ৩ শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ রেলের

চিকিৎসকদের জন্য সরকারি চাকরির সুযোগ দিচ্ছে পূর্ব রেল। মালদহ রেল ডিভিশনে তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ১৮ জুন ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি পূর্ব রেল এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রেল সূত্রের খবর, তিনটি শূন্যপদের মধ্যে মালদহ টাউনে ২ এবং ভাগলপুরে একটি পদ রয়েছে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করা হবে। অর্থাৎ নির্বাচিত প্রার্থীকে চুক্তির মেয়াদকাল পর্যন্ত কাজ করতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নিয়মিত চিকিৎসক নিয়োগ করা হয় তাহলে সেখানেই চুক্তি শেষ হয়ে যাবে।

জানা গিয়েছে, আগামী ১৮ জুন সকাল ১১টা থেকে মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় পূর্ব রেলের প্রধান চিকিৎসা অধীক্ষকের কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হবে। তবে কোন কোন চিকিৎসক এই পদগুলিতে আবেদন করতে পারবেন? এই পদগুলিতে আবেদন করতে গেলে আবেদনকারীর মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।


এছাড়াও এমবিবিএস পরীক্ষার প্রাপ্ত নম্বর, পিজি ডিপ্লোমা, এমডি, কাজের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। চলতি বছররে ১ জানুয়ারির নিরিখে আবেদনকারীর বয়স ৫৩ বছরের বেশি হওয়া যাবে না।

এদিন যারা ইন্টারভিউতে আসবেন, তাঁদের মেডিক্যাল রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজ, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, নথি, আধার কার্ড, প্যান কার্ড, দুটি পাসপোর্ট ছবি ও অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে আসতে হবে। আবেদনকারীরা পূর্ব রেলের সরকারি ওয়েবসাইটে মালদহ ডিভিশনের রিক্রুটমেন্ট বিভাগে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের ফরম্যাট দেখতে পাবেন।

যে সকল চিকিৎসকরা নির্বাচিত হবেন, তাঁদের প্রতি মাসে ৯৫ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। মূলত চুক্তিভিত্তিক পদ্ধতিতে সম্পূর্ণ কাজ হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।