ভ্যাবলা স্টেশনের কাছে রেললাইনে ফাটল, শিয়ালদহ-হাসনাবাদ শাখায় যাত্রীদের দুর্ভোগ

Train Line Crack Photo-SNS

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ভ্যাবলা স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। তার জেরে বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত থাকে। অফিস টাইমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আপ-ডাউন দুই লাইনেই প্রায় দু’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এই পরিস্থিতিতে জোরকদমে চলে ফাটল মেরামতির কাজ। রেল সূত্রে খবর, এখন ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় ভ্যাবলা-সহ ওই শাখার প্রত্যেকটি স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। আর আপ-ডাউন দুটি লাইনেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

সকাল ৭টা ১০ মিনিট নাগাদ স্টেশনের উপর দিয়ে একটি ট্রেন যায়। তখন এক ব্যক্তি একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান। ট্রেনের দু’টি বগি পার হওয়ার পরই এই ঘটনা ঘটে। তখন ওই ব্যক্তি কাছে গিয়ে দেখেন, রেললাইনে বড় ফাটল তৈরি হয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে দ্রুত রেল দপ্তরে খবর দেওয়া হয়। তখন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মী, ইঞ্জিনিয়ার এবং জিআরপি। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রেখে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় রেললাইনের ফাটল মেরামত করার কাজ। এই ঘটনার জেরে সকাল থেকেই শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। অফিসটাইমে সমস্যায় পড়েন কর্মসূত্রে এবং অন্যান্য কাজে যাতায়াতকারী বহু মানুষ।

কালীপুজো-ভাইফোঁটার ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকে আবার পুরোদমে অফিস শুরু হয়ে গিয়েছে। আর এই দিনই সকালে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনে একটি রেললাইনের মাঝে বড় ফাটল দেখা যায়। সকাল ৭টার পর থেকে এই শাখায় প্রায় দু’ঘণ্টা বারাসত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৬টা ৩ মিনিটের শিয়ালদহ-হাসনাবাদ লোকাল এদিন ভ্যাবলা স্টেশনে ঢোকার পরে বিকট শব্দ হয়। প্ল্যাটফর্মে থাকা মানুষজন জানান, ট্রেনের দুটি বগি এগিয়ে যাওয়ার পরই বিকট শব্দ শোনা যায়। তার পরেই দেখা যায় রেললাইনে ফাটল রয়েছে। রেল কর্মীদের তড়িঘড়ি খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপিও। দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতের কাজ।


তাছাড়া স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সময়মতো রেললাইনের ফাটল নজরে না এলে যাত্রীবাহী ট্রেন বড় দুর্ঘটনার কবলে পড়তে পারত। তবে ঠিক কী কারণে রেললাইনে ফাটল দেখা দিল সেটা এখনও স্পষ্ট নয়। মেরামতির কাজ শেষ করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় রেল। চলে যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতির কাজ। প্রায় দু’ঘণ্টা পর চালু হয় ট্রেন চলাচল।