আজ মালদহ থেকে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার শুরু, লড়াইয়ের বার্তা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রতিনিধিত্বমূলক চিত্র

মালদহ, ১৪ এপ্রিল— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রচার শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। দীর্ঘ প্রায় সাত বছর পর মালদহে ফিরে এসে দলের পুরনো ঘাঁটি পুনর্গঠনের বার্তা দিতেই এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

মালদহ একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে। সেই হারানো জমি ফের দখল করতেই এবার মরিয়া চেষ্টা শুরু করেছে কংগ্রেস। চাঁচলের কালামবাগান ময়দানে রাহুলের মূল সভা হওয়ার কথা। সেখানে প্রায় এক লক্ষ মানুষের জমায়েতের আশা করছে দল।

এই সফরে চাঁচল এবং সুজাপুর কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। গনি খান চৌধুরী পরিবারের সঙ্গে রাহুল গান্ধীর দীর্ঘদিনের সম্পর্ক থাকায় এই এলাকাগুলিতে দল বাড়তি সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে। চাঁচলের সভার পাশাপাশি সুজাপুরেও একটি জনসভা করার কথা রয়েছে তাঁর।


চাঁচলের সভায় মালতিপুর থেকে মৌসম নূর, চাঁচল থেকে আসিফ মেহবুব, হরিশচন্দ্রপুর থেকে মোস্তাক আলম এবং রতুয়া থেকে মোত্তাকিন আলম—এই চার প্রার্থীর সমর্থনে প্রচার করবেন রাহুল। জেলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে শক্তি প্রদর্শনের বড় সুযোগ হিসেবেই দেখছে কংগ্রেস নেতৃত্ব।

সভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। ময়দান প্রায় সম্পূর্ণ প্রস্তুত, পাশাপাশি হেলিকপ্টার নামার জন্য অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হচ্ছে। সেখান থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছনোর কথা রাহুলের।

এবারের নির্বাচনে বড় কৌশলগত পরিবর্তন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বামফ্রন্টের সঙ্গে পুরনো জোট ভেঙে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, আর ফল ঘোষণা হবে ৪ মে।