গরু চোর সন্দেহে পিটিয়ে পুড়িয়ে খুন করা হল এক যুবককে বলে অভিযোগ। শুধু তাই নয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন যুবক। এই ঘটনা ঘিরে তুমুল শিহরণ ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া থানা এলাকায়। দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা বলে অভিযোগ। গরু চোর সন্দেহে দুই যুবককে পাকড়াও করার পর এমন ঘটনা ঘটেছে। এমন হাড়হিম করা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই শিহরণ জাগানো ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কদিন ধরেই শিলিগুড়ি শহর এবং লাগোয়া এলাকায় রাতের অন্ধকারে রাস্তা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছিল। নকশালবাড়ি, বাগডোগরা, মাটিগাড়া এবং শিলিগুড়ি থেকে এমন অভিযোগ আসছিল। রাতের অন্ধকারে দামি গাড়ি নিয়ে এসে গবাদিপশু চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠতে থাকে। একাধিকবার পুলিশকে এই অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। এবার আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ফল যে ভয়াবহ কাণ্ড ঘটতে পারে সেটা দেখল শিলিগুড়ির তারাবাড়ি এলাকা। গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা এবং মাটিগাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকায় বালাসন নদীর ধারে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সেখানে কয়েকজন অপরিচিত যুবক নদীর ধার দিয়ে যাচ্ছিল। তাঁদের সঙ্গে গাড়িও ছিল। ভোরবেলায় অপরিচিত যুবকদের গাড়ি নিয়ে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। গরু চোর সন্দেহে ওই যুবকদের উপর চড়াও হয় তাঁরা। তাঁদের মধ্যে দু’জনকে পাকড়াও করে ব্যাপক মারধর করা হয়। বাকিরা পালাতে সক্ষম হয়। দুটি গাড়িও আটক করে পুড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারা। দুই যুবককে ধরে শুরু হয় গণধোলাই। পিটিয়ে এক যুবককে ঘটনাস্থলেই মেরে ফেলা হয়। অপরজন আশঙ্কাজনক অবস্থায় রাস্তাতেই পড়ে থাকে।
তাছাড়া পুলিশ এই নৃশংস হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ও আহত যুবকদের পরিচয় জানার চেষ্টা করছে। আইন হাতে তুলে নিয়ে এই ধরণের বর্বরোচিত হামলা এবং খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে পুলিশের একাধিক দল তল্লাশি শুরু করেছে। এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পালিয়ে যাওয়া দোষীদের কাউকেই রেহাই দেওয়া হবে না।