মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের দিন রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক দেড় মাস বাদে আবার বঙ্গ সফরে আসছেন তিনি। এবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন তিনি। প্রথম দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন এবং দ্বিতীয় দিন ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন করা হবে। ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন হুগলি জেলার তারকেশ্বরে। ওই দিনই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
১৯৪৭ সালের ২০ জুন তারিখে প্রাদেশিক আইনসভায় বঙ্গের বিভাজন এবং তার পশ্চিমাংশের ভারতভুক্তির প্রস্তাবের উপর ভোটাভুটি হয়েছিল। প্রস্তাব পাশও হয়েছিল। তাই ওই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানিয়ে আসছে বিজেপি। রাজ্যে পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী ২০ জুন তারিখটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। ওই দিনই রাজ্য সভা করবেন প্রধানমন্ত্রী।
২০ জুনের প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ‘ধন্যবাদ জ্ঞাপক’ কর্মসূচি বলে জানিয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে বিজেপি যে বিপুল জনসমর্থন পেয়েছে তাকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ‘ঐতিহাসির বিজয়’ উপহার দেওয়ার জন্য মোদী পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাবেন। এছাড়া মঞ্চ থেকে একগুচ্ছ ঘোষণাও হতে পারে বলে সূত্রের খবর।
তার পর দিন ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’। সে কর্মসূচিতে এ বছর প্রধানমন্ত্রী কলকাতা থেকে অংশ নেবেন, তা সপ্তাহ খানেক আগেই জানা গিয়েছিল। ২০ তারিখ তারকেশ্বরের কর্মসূচি সেরে রাতে তিনি কলকাতায় লোকভবনে থাকতে পারেন। নেতজি ইন্ডোর স্টেডিয়ামে ‘যোগ দিবস’-এর কর্মসূচি হবে বলে জানা গিয়েছে।