তারাতলায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী পোস্ট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি আহতদেরর জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে। প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>The mishap in Kolkata yesterday is saddening. An ex-gratia of Rs. 2 lakh each will be given from PMNRF to the next of kin of those who lost their lives in the mishap. The injured would be given Rs. 50,000. The state government is working round the clock to ensure that those…</p>— PMO India (@PMOIndia) <a href=”https://x.com/PMOIndia/status/2070006732521455828?ref_src=twsrc%5Etfw”>June 25, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
এদিকে রাজ্য সরকারের তরফ থেকেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ভেঙে পড়া কংক্রিটের অংশ। লোহার বিম এবং ধ্বংসস্তূপের নানা উপকরণ। কেন্দ্র ও রাজ্যের উদ্ধারকারী বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে খতিয়ে দেখা হচ্ছে, আরও কেউ আটকে রয়েছেন কি না।
বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে আধুনিক প্রযুক্তির পাশাপাশি সেনাবাহিনীর বিশেষ সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে রাতভর উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজরদারি করেন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল খাঁ। তাঁর পাশাপাশি পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণ কাজে তদারকি করেন।
উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এখনও নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে।প্রশাসনের আশা, দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।