পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয়। বিশ্বভারতীতে ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মেলার সামগ্রিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তার উপর। ধর্মীয় অনুষ্ঠান ও বড় উৎসবের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের কাছে পুলিশ মোতায়েনের আবেদন জানানো হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সম্মেলন কক্ষে একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রবীরকুমার ঘোষ, রেজিস্ট্রার ডক্টর বিকাশ মুখোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন কমিটির প্রতিনিধিরা। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে।
বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, ‘এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বৈঠক ছিল। পৌষ উৎসব নির্বিঘ্নে আয়োজনের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই একটি বৈঠক হয়েছে। শীঘ্রই আরও একটি বৈঠক হওয়ার কথা।‘
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকে পৌষমেলা আয়োজনের ক্ষেত্রে বিশ্বভারতীকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিল প্রশাসন। সেই সঙ্গে কিছু শর্তও দেওয়া হয়েছিল। মেলা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পূর্বপল্লির মাঠ পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে বলা হয়েছে।
এবারও পূর্বপল্লির মাঠেই পৌষমেলার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে স্টল বুকিং শুরু হওয়ার কথা। মেলায় ছোট ব্যবাসায়ী এবং স্থানীয় হস্তশিল্পীদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়। ফলে ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে।
দেখুন: পাকা বাড়ি, উন্নত শৌচালয়, কর্মসংস্থান, গ্রামবাংলার উন্নয়নে ২৮ হাজার কোটি