আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে শাসক তৃণমূল কংগ্রেস। আর এ ব্যাপারে অনেকটাই অগ্রণী ভূমিকা নিল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। জেলার সদ্য নির্বাচিত ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করলেন দলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। গুরুত্বপূর্ণ এই বৈঠকের আয়োজন করা হয় কাটোয়ার সংহতি মঞ্চে।
আর মাত্র হাতে গোনা কয়েকটা মাস। তার পরেই বিধানসভা নির্বাচন। আর তার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে একপ্রস্থ আলোচনা সারলেন পূর্ব বর্ধমান জেলার শাসকদলের নেতা-নেত্রীরা। কয়েক দিন আগেই জেলার সব কটি ব্লকের সভাপতি ও অনান্য পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে এ জেলায়। তার মধ্যে জেলায় দলীয় দক্ষতায় পুরনোরা যেমন আছেন, তেমনই আবার নতুন মুখ এসেছেন ১৭জন। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্ত্রী স্বপন দেবনাথ ২৩টি ব্লক সভাপতিদের নিয়েই বৈঠকে বসেন। যাঁদের যা দায়িত্ব আছে তা সকলকে বুঝিয়ে দেওয়া হয়।
তাঁরা বলেন, দলের বৈতরণী পার করতে ব্লক সভাপতিদেরই মুখ্য ভূমিকা থাকবে। তার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ জারি করা হয়। ওই সভায় ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লকের সভাপতি অপার্থিব ইসলাম। তিনি জানান, ২০২৬ সালের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সকলে দলের ওই নির্দেশ মেনে জনসংযোগের কাজ চালিয়ে যাবেন। দলের জেলা কমিটির ওই গুরুত্বপূর্ণ সভায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সাংসদ ডা. শর্মিলা সরকার ও কীর্তি আজাদ ।