ভোটের আগে তৎপরতা, শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে পারে

বাংলায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর দিনক্ষণ ঘোষণার পর ভোটার তালিকা সংশোধনের কাজে গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোটের আগে ‘বিবেচনাধীন’’ নামগুলির নিষ্পত্তি সম্পূর্ণ করতে মরিয়া কমিশন। সূত্রের খবর, বর্তমানে প্রতিদিন প্রায় দু’লক্ষ করে নাম এবং সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেই হিসেবে বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার এই সংখ্যা প্রায় ২৫ লক্ষ ছুঁতে পারে বলেও আশাবাদী কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনকে ‘যোগ্য’ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে, প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ‘বিবেচনাধীন’ নামগুলির যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারবিভাগীয়  আধিকারিকদের উপর। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে ৭০০রও বেশি আধিকারিক এই কাজ করছেন।

তবে এই প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।বিশেষ করে যাঁদের নাম এখনও বিবেচনাধীন, তাঁরা আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কায় অনেকে  চিন্তিত। এই পরিস্থিতিতে ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিষয়টি স্পষ্ট করেন।


তিনি বলেন, ‘সংবিধান মেনে এসআইআর হয়েছে। অবৈধ ভোটাররা যাতে বাদ পড়েন এবং বৈধ ভোটারদের নাম ওঠে, সেই লক্ষ্যে এসআইআর করা হচ্ছে। বিবেচনাধীন থাকা যোগ্য ভোটারদের নাম উঠবে ভোটার তালিকায়। তার জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করা  হবে। অযোগ্য ভোটারদের নাম বাদ যাবে।‘

কমিশন সূত্রে খবর, নিষ্পত্তি হওয়া নামগুলি নিয়ে খুব শীঘ্রই একটি অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে। সম্ভবত শুক্রবারই প্রথম তালিকা প্রকাশ পেতে পারে, যেখানে ইতিমধ্যে যাচাই হয়ে যাওয়া নামগুলি অন্তর্ভুক্ত থাকবে। এদিকে, গোটা পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার বৈঠকে বসেছেন সুজয় পাল।

কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের এসআইআরে এখনও পর্যন্ত বাদ পড়েছে ৬১ লক্ষ  ভোটারের নাম, বিবেচনাধীনের তালিকায় রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন এবং তার মধ্যে ২৩ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে।প্রশ্ন, তাদের মধ্যে যদি ৮ লক্ষের নাম বাদ পড়ে, তাহলে ভোটার তালিকা থেকে মোট কত নাম বাদ পড়তে পারে ? যদি, ৪০ শতাংশ হারেই নাম বাদ পড়ে, তাহলে বিবেচনাধীন ৬০ লক্ষের মধ্যে প্রায় ২৫ লক্ষের কাছাকাছি নাম বাদ পড়তে পারে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে রাজ্যে ৮৫ থেকে ৮৬ লক্ষ ভোটারের  নাম বাদ পড়তে পারে।

জানা গিয়েছে, কমিশনের তরফ থেকে একটা সফ্টওয়্যার তৈরি করা হয়েছে, সেই সফটওয়্যার জুডিশিয়াল অফিসারদের কাছে দিয়ে দেওয়া হবে সেই সফটওয়্যারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলি লিস্ট আকারে বের করা হবে এবং বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় কাদের নাম যুক্ত হবে এবং কাদের নাম বাদ গেল, দুইয়ের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়।

সূত্রের খবর, কেন নাম বাদ পড়ল, তা আলাদা করে উল্লেখ করছে না কমিশন। এই কাজ করতে বেশ কিছুটা সময় লাগছে। আজকের মধ্যে যদি জুডিশিয়ল অফিসাররা কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে তাঁরা কমিশনকে জানাবে। তারপরই ৬ ঘণ্টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই সফ্টওয়্যারের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সব ঠিক থাকলে শুক্রবার বা শনিবারের মধ্যে তালিকা প্রকাশ করা হতে পারে।