তৃণমূলের পতাকা হাতে নেওয়ার পর থেকেই জল্পনা ছিল— টিকিটের আশাতেই কি দলবদল করেছিলেন প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান? তবে প্রার্থী তালিকা প্রকাশের পর সেই জল্পনায় ইতি পড়ল। মঙ্গলবার ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রতীক উরের নাম নেই। এরপরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
প্রতীক উর জানান, ‘আমি টিকিটের জন্য আসিনি।’ তাঁর দাবি, পুরনো দলে দীর্ঘদিনের ক্ষোভ ও বিরক্তি থেকেই তিনি সরে এসেছেন। রাজনীতিতে নতুনভাবে কাজ করাই তাঁর লক্ষ্য। গত ২১ ফেব্রুয়ারি আমতলায় দলীয় বৈঠকের পর তৃণমূলের পতাকা নেন তিনি। সেই সময় থেকেই জল্পনা বাড়ছিল। যদিও শুরু থেকেই তিনি সংগঠনের কাজেই জোর দেওয়ার কথা বলেছিলেন। প্রার্থী তালিকা প্রকাশের পর তাই বাস্তবে দেখা গেল। আপাতত নির্বাচনে নয়, দলীয় সংগঠন মজবুত করাই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রতীক উর রহমান।