তপসিয়ায় আগুনের ঘটনায় সাসপেন্ড প্রগতি ময়দান দমকলকেন্দ্রের আধিকারিক

তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর কড়া পদক্ষেপ করল রাজ্য দমকল দপ্তর। কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রগতি ময়দান দমকলকেন্দ্রের স্টেশন অফিসার তথা ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার দমকল ও জরুরি পরিষেবা বিভাগের ডিজি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজরদারি, পরিদর্শন এবং অগ্নি-নিরাপত্তা আইন কার্যকর করার ক্ষেত্রে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যা এক মাসের মধ্যে শেষ করতে হবে। সাসপেন্ড হওয়া গৌতমকে দমকল সদর দপ্তরেই থাকতে হবে এবং অনুমতি ছাড়া তিনি সেখান থেকে বেরোতে পারবেন না।

মঙ্গলবার দুপুরে তপসিয়ার জিজে খান রোডে একটি বহুতলের দ্বিতীয় তলায় থাকা চামড়ার কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কারখানার ভিতরে আটকে পড়েন কয়েক জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রবল আগুনের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন। আরও তিন জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

ঘটনার পর বুধবার প্রশাসনের তরফে শুরু হয় বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ওই বহুতল ভাঙার কাজ শুরু করে জেসিবি। প্রশাসনের দাবি, ভবনটি অবৈধভাবে নির্মিত হয়েছিল। একই সঙ্গে কসবা, তিলজলা, মোমিনপুর ও একবালপুর-সহ বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ নির্মাণে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করার কথাও জানানো হয়েছে। সরকার এ বিষয়ে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেওয়ার বার্তা দিয়েছে।