প্রাক্তন তৃণমূল বিধায়কের ফ্ল্যাটে সরকারি ত্রাণ মজুত রয়েছে, এই অভিযোগে রাতভর বিজেপির বিক্ষোভ। থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার। অভিযোগের পরই তিনটি ফ্ল্যাট সিল করল পুলিশ। প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মুকুটমণি অধিকারীর তিনটি ফ্ল্যাট সিল করল কল্যাণী থানার পুলিশ। ঘটনাটি নদিয়ার কল্যাণী বি ব্লকের ২ নম্বর বাজার এলাকার।
বিজেপির অভিযোগ, মুকুটের ওই ফ্ল্যাটগুলিতে সরকারি ত্রাণ মজুত রয়েছে। এই অভিযোগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকরা দীর্ঘক্ষণ মুকুটের ফ্ল্যাট ঘিরে রাখে। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। রাতেই বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনটি ফ্ল্যাট সিল করে দেয়।
বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, মুকুটের তিনটি ফ্ল্যাটে সরকারি ত্রাণ মজুত রয়েছে। মুকুট বাড়ি ছেড়ে পালিয়েছে। আমাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মুকুটের তিনটি ফ্ল্যাট সিল করেছে।
উল্লেখ্য, ২০২১ সালে নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। মাঝে ২০২৪ সালে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। যদিও সে বার তিনি নির্বাচনে হেরে যান।
আবার পরে একই কেন্দ্রে উপনির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন মুকুটমণি অধিকারী। নিজস্ব পৈতৃক বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জে। বছর দুয়েক ধরে কল্যানী বি ব্লকের একটি অবসানের তিনটি ফ্ল্যাট নিয়ে ছিলেন তিনি।