তোলাবাজি-সহ একাধিক অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেপ্তার হওয়ার পর একে একে খুলছে মুখোশ।তাঁর ফ্ল্যাটে থেকে উদ্ধার হয় সোনার গয়না। মিলেছে সোনা কেনার রসিদ। এই সূত্রেই সব্যসাচী ঘনিষ্ঠ নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এরপর তদন্তকারীদের স্ক্যানারে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্ত। সোনা ও টাকার উৎস জানতে তাঁকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্ত দীর্ঘদিন ধরেই পলাতক। তাই বুধবার তাঁর বাড়ির দেওয়ালে নোটিস টাঙিয়ে এল বিধাননগর থানার পুলিশ।
ইন্দ্রাণী এখন কোথায়, তা এখনও কেউ জানেন না। সব্যসাচী দত্তর ফ্ল্যাট থেকে সোনা ও তার রসিদ উদ্ধার আর অন্যদিকে তল্লাশি চালিয়ে সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। এই দুই ঘটনার পর সোনা ও টাকার হিসেব দেখতে চায় পুলিশ। তাই এবার তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা।
গত ৮ জুন পুলিশের হাতে গ্রেপ্তার হন বিধাননগরের প্রাক্তন মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তারপর থেকেই তাঁর স্ত্রী ইন্দ্রীণী গা ঢাকা দেন বলে খবর। তিনি কোথায়, তা এখনও কেউ জানে না। এদিকে সব্য়সাচীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে কার্যত পুলিশের মাথাব্যথা হয়ে উঠেছে উদ্ধার হওয়া তিন কেজি সোনা এবং কেনার রসিদ। সব্যসাচীর স্ত্রীকে নোটিস দেওয়ার তোড়জোড়ও শুরু হয়। তবে ইন্দ্রাণীর হদিশ না পাওয়ায় নোটিস দেওয়া সম্ভব হয়নি।