‘লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেয়’, নাম না করে খড়গপুর থেকে বামেদের তোপ প্রধানমন্ত্রীর

PM Modi Kharagpur Photo-SNS

খড়গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে একদিকে যেমন বদলে যাওয়া ভারতের ছবি তুলে ধরলেন তেমন অপরদিকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গত বামফ্রন্ট জমানাকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এই অনুষ্ঠান থেকে শিল্পায়নের প্রসঙ্গ তুলে বামপন্থীদের সরাসরি নিশানা করলেন তিনি। শিল্পের পরিবেশ নষ্টের জন্য বামপন্থীদের নিশানা করে প্রধানমন্ত্রীর অভিযোগ, পঞ্চাশ বছর আগেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। সরাসরি বামেদের দিকে তির নিক্ষেপ করার জেরে তৎকালীন ইউনিয়নবাজির দিকেই ইঙ্গিত প্রধানমন্ত্রীর বলে মনে করা হচ্ছে।

এদিকে খড়গপুর আইআইটি-র এই বিশেষ মাইলফলক উদযাপনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, গত ৭৫ বছরে দেশের বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। এই দীর্ঘ সময়ে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছে গিয়েছে ভারত। ভবিষ্যতে চিপ থেকে শুরু করে জাহাজ সব কিছুই ভারতেই তৈরি হবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে লক্ষ্য নেওয়া হয়েছে তাতে খড়গপুর আইআইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানেই নরেন্দ্র মোদীর নিশানা, ‘৫০ বছর আগেই ভারত সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে পারত। তার জন্য কোম্পানিও এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেয়।’

অন্যদিকে এই লাল ঝান্ডা যে বামেদের তা বুঝতে অসুবিধা হয়নি কারও। আগের সরকারগুলির মানসিকতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘পাঁচ দশক আগে দারিদ্র্য সমস্যাকেই মূল বিষয় হিসেবে ধরা হতো। আর সকলে ধরে নিয়েছিলেন যে গরিবি দূর হওয়া সম্ভব নয়। পরিস্থিতি বদলানোর মতো সাহস আগে কেউ দেখাননি। দেশকে শুধু ক্ষমতায়নের স্লোগানে আটকে না রেখে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করার পথে নিয়ে যাওয়া হয়েছে। ভারত ইতিমধ্যেই ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে এনেছে। আমার সামনে দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বসে রয়েছে।’


তাছাড়া তরুণ প্রজন্মের উদ্দেশে সীমাবদ্ধতা ভাঙার বা ‘ব্রেক দ্য লিমিটের’ বার্তা দেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদীর বার্তা, ‘চ্যালেঞ্জকে পাল্টা চ্যালেঞ্জ জানানোই আমার স্বভাব। অনেক সময় মানুষ খুব দ্রুত সন্তুষ্ট হয়ে পড়ে এবং সীমাবদ্ধ বিশ্বাসের কারণে নিজের স্বপ্ন এবং প্রতিভাকে গণ্ডির মধ্যে আটকে ফেলে। কিন্তু গত কয়েক বছর ধরে ভারত সেই সমস্ত সীমা ভেঙে এগিয়ে যাওয়ার তত্ত্বে বিশ্বাসী হয়ে উঠেছে। খড়গপুর আইআইটির পড়ুয়ারাই বিকশিত ভারত গঠনে নেতৃত্ব দেবেন। আমার একটা মন্ত্র আছে, নেশনস ফার্স্ট। ৫০ বছর আগেই সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়। আর পাঁচ দশক আগে লালকেল্লা থেকে গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু নীতিগত সিদ্ধান্ত হয়নি। সব ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে।’