প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস ব্যবহারে আরও সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার হায়দরাবাদে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত এখনও জ্বালানি ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভর নয়। দেশের প্রয়োজন মেটাতে বিপুল পরিমাণ পেট্রোপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই এই ধরনের জ্বালানির অপচয় রোধ করা এখন সময়ের দাবি। তাঁর মতে, সচেতন ও প্রয়োজনমাফিক ব্যবহার করলে একদিকে যেমন বিদেশি মুদ্রার সাশ্রয় হবে, তেমনই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব থেকেও দেশ অনেকটা সুরক্ষিত থাকবে।
এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে তেলাঙ্গানায় প্রায় ৯,৪০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। বক্তব্যের সময় আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মোদী বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাত এবং হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছিল। যদিও ভারত পরিস্থিতি অনেকটাই সামাল দিতে সক্ষম হয়েছে, তবুও ভবিষ্যতের কথা মাথায় রেখে জ্বালানির ব্যবহার আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
একই সঙ্গে বিকল্প শক্তির ক্ষেত্রেও ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সৌরশক্তি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। পাশাপাশি পেট্রলের সঙ্গে ইথানল মিশিয়ে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারও দেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে। রান্নার গ্যাসের ক্ষেত্রেও এলপিজির পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিসর বাড়ছে। প্রধানমন্ত্রীর মতে, এই বহুমুখী উদ্যোগগুলিই ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করছে এবং বিশ্ব পরিস্থিতির চাপ মোকাবিলায় দেশকে সক্ষম করে তুলছে।