গোমাতা নিয়ে বিতর্কিত মন্তব্যে অতীতেও বহুবার শিরোনামে উঠেছেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এ বার তাঁর নতুন দাবি, গরুকে আদর করলে উচ্চ রক্তচাপ কমে যেতে পারে। মঙ্গলবার উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে এক চা-চক্র অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘গরুকে আদর করলে ব্লাড প্রেশার কমে যেতে পারে।’ তাঁর দাবি, গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আসে।
শুধু তাই নয়, গোবরের মধ্যেও রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। নিজের এক আত্মীয়ের উদাহরণ টেনে দিলীপের দাবি, শরীরের ফোলা জায়গায় গরুর গোবর লাগানোর পর উপকার মিলেছিল। গরু নিয়ে এ ধরনের মন্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও তিনি দাবি করেছিলেন, দেশি গরুর দুধে সোনার উপাদান রয়েছে। তাঁর বক্তব্য ছিল, দেশি গরুর কুঁজে বিশেষ ‘স্বর্ণনাড়ি’ থাকে, যা সূর্যের আলো থেকে সোনা তৈরি করতে সাহায্য করে। করোনাকালেও গোমূত্র রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর বলে মন্তব্য করেছিলেন তিনি। বিতর্ক সত্ত্বেও নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও গোশালার মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন।