চতুর্থীতেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখল শিলিগুড়ি, দুর্গাপুজোয় বাড়তে চলেছে পর্যটক

Kanchanjangha From Siliguri Photo-SNS

দুর্গাপুজোয় বহু পর্যটকই কলকাতা এবং দক্ষিণবঙ্গের নানা জেলা থেকে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেই মতো টিকিট কাটা থেকে শুরু করে ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। আর ঘুরতে যাওয়ার প্রাক্কালেই এল খুশির খবর। দুর্গাপুজোয় এবার একরাশ আনন্দ করতে পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা। সেখানে চতুর্থীর সকালে শিলিগুড়ি থেকে দেখা গেল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর তা দেখে আনন্দ খানিকটা বাড়িয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। শরতের সকালে ঘুম ভেঙেই এমন দৃশ্য মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। শিলিগুড়িবাসীরা তাই ঝকঝকে ‘ঘুমন্ত বুদ্ধে’র ছবি তুলে তা সমাজমাধ্যমে পোস্ট করে দিয়েছেন।

এই ছবি এখন বহু পর্যটকই দেখে ফেলেছেন। তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। চোখের সামনে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে ওখানে থাকা কয়েকজন পর্যটক উপভোগ করলেন এবং অনেকে আবার ক্যামেরাবন্দি করলেন। ওই ছবি এখন ভাইরাল হয়ে পড়েছে সমাজমাধ্যমে। তা দেখে যেসব পর্যটক বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা আরও উৎসাহিত হলেন। গত কয়েকমাস ধরে বর্ষার জেরে পাহাড়ের অবস্থা হয়ে উঠেছিল বেহাল। পাহাড়ে প্রথমে বর্ষা, তারপর নিম্নচাপ, ধস চলার জেরে দেখাই মেলেনি কাঞ্চনজঙ্ঘার। তাতে বহু পর্যটক পাহাড়ে গিয়ে খানিকটা হতাশ হয়েই ফিরেছেন। তবে এখন সেখানে বৃষ্টি কমেছে। তারপরই এমন দৃশ্য সকলের মন ভাল করে দিয়েছে।

বৃষ্টি কমে যাওয়ায় বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। হালকা হাওয়া দিতে শুরু করেছে। একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। শীতকে আহ্বান জানানো হচ্ছে মনে করছেন অনেকে। এভাবেই ধীরে ধীরে তৈরি হচ্ছে পাহাড়। তার মধ্যেই শিলিগুড়িতে নীল আকাশের জেগে উঠল ‘ঘুমন্ত বুদ্ধ’। যা দুর্গাপুজোর প্রাক্কালে রীতিমতো চর্চার বিষয়। এদিন সকালে যাঁরা কাজে বেরিয়ে ছিলেন, হাঁটতে বেরিয়ে ছিলেন তাঁরা কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য রূপ দেখে থমকে দাঁড়িয়ে যান। দু’চোখ ভরে সেই সৌন্দর্য উপভোগ করেন। ক্যামেরাবন্দিও করেন। শিলিগুড়ি-জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এদিন যেভাবে দেখা মিলেছে সেটা খুব একটা হয় না বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।


তাছাড়া বুধবার সকালে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে অনেকে সেই ছবি তুলে তাঁদের পরিচিতদের পাঠিয়েছেন। পর্যটন ব্যবসায়ীরাও এই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। আর এমন দৃশ্য দেখে আপ্লুত শিলিগুড়ির বাসিন্দারা। এখানের এক বাসিন্দা বলেন, ‘রোজ হাঁটতে আসি। আজকের সকাল ছিল একেবারে অন্যরকম। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরে গেল। তাই দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করলাম।’ শুধু শিলিগুড়িতেই নয়, কালিম্পং-সহ নানা এলাকা থেকে এদিন দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘাকে।