হাড়োয়ার জনসভা থেকে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যা। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার থেকে শুরু করে এসআইআর ইস্যু—একাধিক বিষয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং তা “চৈত্র সেলের মতো বিক্রি” করে দিয়েছে বিজেপি। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, বাংলার মানুষ এই আচরণ কখনও ক্ষমা করবে না।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বিভিন্ন দলের প্রার্থীরা সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথা শুনছেন। তৃণমূলের পক্ষেও জোরদার প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এসআইআরের মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার পরই প্রায় ৩২ লক্ষ নাম পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে, নাহলে সেটাও হত না। তিনি আশ্বাস দেন, যাঁদের নাম এখনও বাদ রয়েছে, তাঁদের নামও পুনরুদ্ধারের ব্যবস্থা করা হবে।
এর পাশাপাশি, ভিনরাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি কেন্দ্রের সমালোচনা করেন। ইডি ও সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, বিজেপি সরকার গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তবে আত্মবিশ্বাসী সুরে তিনি জানান, মানুষের সমর্থন তৃণমূলের পক্ষেই রয়েছে এবং আগামী নির্বাচনে তাঁর দলই জয়ী হবে।