পেনশনপ্রাপকদের দেওয়া হবে সাত বছরের বকেয়া এরিয়া, চলতি মাসে মিলবে অর্ধেক

Image: ANI

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যের বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য খুশির খবর। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে জমে থাকা পেনশনের বকেয়া (এরিয়া) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলতি মাসেই বকেয়া অর্থের ৫০ শতাংশ সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সু্ব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বৈঠকে হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে খবর, ২০১৫ সালে  ব্যাঙ্কিং ব্যবস্থার প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বহু অবসরপ্রাপ্ত কর্মীর পেনশনের এরিয়ার টাকা আটকে যায়। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ ছিল।

সরকারি সূত্রের খবর, প্রযুক্তিগত বা প্রশাসনিক জটিলতার কারণে যাঁরা এত দিন বকেয়া পেনশন পাননি, তাঁরা সকলেই এই সিদ্ধান্তের আওতায় আসবেন। তাঁদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। আনুমানিক হিসাবের ভিত্তিতে মোট বকেয়ার ৫০ শতাংশ দেওয়া হবে। অবশিষ্ট নির্দিষ্ট অডিট ও হিসাব যাচাইয়ের পর ধাপে ধাপে দেওয়া হবে।


সরকারের এই পদক্ষেপের স্বস্তি প্রকাশ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পুরসভা, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি দপ্তরের বহু অবসরপ্রাপ্ত কর্মী দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত ছিলেন। এদিনের বৈঠকে হোমগার্ডদের বকেয়া সংক্রান্ত বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, সম্প্রতি রাজ্য বাজেটে ঘোষিত সরকারি কর্মীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির প্রস্তাবেও সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে ডিএ বেড়ে ৩৮ শতাংশে পৌঁছেছে। তবে বর্ধিত হারে এই ডিএ কার্যকর হবে আগামী অক্টোবর মাস থেকে।