তারাতলায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিক নবীন সিংয়ের(৪৪) বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাণীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। আজ নিহত শ্রমিকের তারাতলার বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।
বিধায়ক পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “এই দুঃসময়ে আমরা পরিবারের পাশে আছি। সরকারের তরফে যে আর্থিক সাহায্য ও অন্যান্য সহায়তা প্রাপ্য, তা যাতে পরিবার দ্রুত পায় সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব।”
পাশাপাশি ব্যক্তিগত তরফ থেকেও যতটুকু সাহায্য করা সম্ভব, তা করার প্রতিশ্রুতি দেন পার্থ ঘোষ। বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, এই এলাকার মানুষ হিসেবে আমি সবসময় এই পরিবারের পাশে থাকব।”
দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বিধায়ক বলেন, “যারা গাফিলতি করে বা অন্যায়ভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, প্রশাসনকে বলব তাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে আর কোনও মাকে যেন সন্তানহারা হতে না হয়, কোনও পরিবারকে যেন এভাবে ভাঙতে না হয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় প্রাণ হারান ওই শ্রমিক। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিধায়কের এই সফরে কিছুটা হলেও ভরসা পেল নিহতের পরিবার।