ভোটের আগে নাকতলায় পার্থের বাড়িতে ইডি হানা

ভোটের মুখে ফের চাঞ্চল্য রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে শনিবার সকালে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সঙ্গে ছিল বিপুল কেন্দ্রীয় বাহিনী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, জামিন পাওয়ার পর একাধিক বার পার্থকে তলব করেছিল ইডি। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বারবার হাজিরা এড়িয়ে যান। এমনকি তিনি জানিয়েছিলেন, প্রয়োজনে বাড়িতে এসেই বা ভিডিয়ো কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। সেই প্রেক্ষিতেই এ দিন সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যায় তদন্তকারী দল।

শনিবার বেলা ১১টার কিছু আগে তিনটি গাড়িতে করে ইডির আধিকারিকরা নাকতলায় পৌঁছন। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া করা হয় যে, আশপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। সূত্রের খবর, সেই সময় পার্থ বাড়িতেই ছিলেন।


একই সঙ্গে ইডির আর একটি দল পৌঁছে যায় নিউ টাউনে প্রসন্ন রায়ের দপ্তরে। নিয়োগ মামলায় ‘মিডলম্যান’ হিসেবে পরিচিত এই প্রসন্নের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের মতে, এই মামলার গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের সূত্র মিলতে পারে এখান থেকে।

উল্লেখযোগ্য বিষয়, ২০২২ সালে এই নাকতলার বাড়ি থেকেই পার্থকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি নগদ অর্থ উদ্ধার হয়, যা গোটা মামলাকে নতুন মাত্রা দেয়। ইডির চার্জশিটেও পার্থ এবং প্রসন্নের নাম রয়েছে।

এই মামলায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় জেল খাটার পর বর্তমানে জামিনে রয়েছেন পার্থ। তবে তাঁর নাম জড়ানোর পর রাজনৈতিক মহলেও দূরত্ব তৈরি হয় এবং তাঁকে দল থেকেও সরিয়ে দেওয়া হয়। যদিও তিনি এখনও বেহালা পশ্চিমের বিধায়ক, কিন্তু এবারের নির্বাচনে ওই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়নি। সেখানে প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায়।

গত কয়েক দিন ধরে কলকাতায় ইডির তৎপরতা বেড়েছে। পুরসভা নিয়োগ দুর্নীতি এবং জমি সংক্রান্ত মামলাতেও একাধিক জায়গায় তল্লাশি চলছে। সূত্রের দাবি, ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন রুখতেই এই অভিযান জোরদার করা হয়েছে। সেই প্রেক্ষিতেই ফের পার্থকে ঘিরে সক্রিয়তা বাড়ল বলে মনে করা হচ্ছে।