শান্তিপুর ব্লকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে। অভিযোগের তির তৎকালীন ব্লক উন্নয়ন আধিকারিক সন্দীব ঘোষের বিরুদ্ধে। ২০২৫ সাল পর্যন্ত তিনি ব্লক উন্নয়নের আধিকারিক ছিলেন। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ঘরগুলি দেওয়া হয়েছে। তাঁর দাবি, তৎকালীন বিডিও সন্দীপ ঘোষ অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তাঁর নিজস্ব লোকজন ও পছন্দের তালিকায় থাকা ব্যক্তিদের এই সুবিধা পাইয়ে দিয়েছেন।
লিখিত অভিযোগে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই বিপুল দুর্নীতি ও স্বজনপোষণের মূল কাণ্ডারি ও নেতৃত্বদানকারী স্বয়ং তৎকালীন বিডিও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।
অভিযোগ পত্রের সঙ্গে প্রমাণ হিসেবে ২০ জন সুবিধাভোগীর একটি তালিকাও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে নিয়ম না মেনেই এই নামগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই অভিযোগের প্রতিলিপি নদিয়ার জেলা শাসক এবং শান্তিপুর ব্লকের বর্তমান উন্নয়ন আধিকারিককেও পাঠানো হয়েছে।
যদিও অভিযুক্ত বিডিও-র কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তিপুর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।