আলিপুর আদালতে আজ, শুক্রবার সকালে হাজির করা হলো ধৃত স্বরূপ বিশ্বাসকে। জনরোষ থেকে বাঁচতে সময়ের আগেই তাঁকে এদিন আদালতে আনা হয়। গতকাল রাতে শ্লীলতাহানি এবং তোলাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। তার পরই থানার সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। স্বরূপ বিশ্বাসের নিরাপত্তার কথা ভেবে রাতে তাঁকে লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর আজ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এই ঘটনায় স্বরূপ বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন।
এদিকে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে নিয়ে নানা অভিযোগ রয়েছে। স্বরূপ বিশ্বাস যে অত্যাচারী ছিলেন তা আগে অনেকেই অভিযোগ করেছিলেন। কিন্তু নিজেদের সরকার ক্ষমতায় থাকাকালীন কেউ তাঁর কিছু করতে পারেনি। এবার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই অপরাধ করলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার কথা সামনে আসতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ক্ষমতাকে কাজে লাগিয়ে কত মানুষের উপর যে অত্যাচার করেছে।’
অন্যদিকে দাদা তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একছত্র আধিপত্য স্থাপন করেছিলেন স্বরূপ বিশ্বাস বলে অভিযোগ। তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মারধর থেকে শুরু করে হুমকি দেওয়া-সহ নানা অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। গতকাল রাতে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় স্বরূপ বিশ্বাসকে। কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়া হয়েছিল ওই মহিলা মেকআপ আর্টিস্টের কাছে। হুমকিও দেওয়া হয়েছিল। এমনকী শ্লীলতাহানি করা হয়েছিল বলেও অভিযোগ জমা পড়ে।
এছাড়া ওই মহিলার অভিযোগ, গত মার্চ মাসে ওই মহিলার বাড়িতে খুন করার উদ্দেশে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল। এই গোটা ঘটনা নিয়ে আজ দিলীপ ঘোষ বলেন, ‘লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে। বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি। এখন কমপ্লেন করছে। দেশে আইন আছে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না।’