কদিন ধরেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত একের পর এক যুবক ধরা পড়ছে। সেটা হামিম মণ্ডল থেকে শুরু করে আবদুল রউফ-সহ একাধিক সহযোগী ধরা পড়েছে। হামিমের গার্লফ্রেন্ড অর্পিতা সরকার যেমন ধরা পড়েছে তেমন রানা রউফের সহযোগী ইমরানও ধরা পড়েছে। সুতরাং কলকাতাকে সেফ প্যাসেজ করে নাশকতার ছক যে হচ্ছিল সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এবার পাক চরের সঙ্গে যোগ থাকার সন্দেহে হুগলি জেলার রিষড়া অঞ্চলের সন্ধ্যাবাজার এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম জাফর শাম ওরফে সানি। গত ১২ আগস্ট পাকিস্তানের চর সন্দেহে রানা রউফ ওরফে ওয়াহাব আলম যুবককে হাবড়া থেকে গ্রেপ্তার করে এসটিএফ। সে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল বলে এসটিএফ সূত্রে খবর। আর তাকে জেরা করেই তপসিয়ার ইমরান হোসেনের খোঁজ পায় এসটিএফ। ধৃত ইমরান আইএসআই এজেন্ট রানার জন্য ভারতীয় নথি বানিয়ে দেয়। যাতে রানা এখানে থাকতে পারে। বিনিময়ে মোটা টাকা লেনদেন হয়েছিল বলেও সূত্রের খবর। রানা রউফকে জেরা করে কদিন আগে তপসিয়ার বাসিন্দা ইজাজ আলিকে গ্রেপ্তার করে এসটিএফ।
এবার গ্রেপ্তার হলো যুবক জাফর শাম। এই জাফর তপসিয়ার যুবক হলেও সে গা-ঢাকা দিয়েছিল রিষড়ায়। রানা রউফকে নানাভাবে সাহায্য করেছিল এই জাফর। ইমরান এবং ইজাজকেও চিনত জাফর। তাদের মাধ্যমেই রানাকে সাহায্য করত এই জাফর। জাফরের সঙ্গে আইএসআই-এর কোনও যোগাযোগ ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এসটিএফ সূত্রে খবর, রানা রউফের নেটওয়ার্কে কাজ করত জাফর। শুধু তাই নয়, হাওড়ার সালকিয়ায় রানা রউফকে একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিল জাফর। রানাকে বন্ধু পরিচয় দিয়েছিল সেখানে। এই জাফরও দীর্ঘদিন ধরে জাল নথি তৈরির কাজ করত। তার জেরেই ইমরানের সঙ্গে পরিচয় হয় জাফরের।
তাছাড়া রানা গ্রেপ্তার হতেই তার সঙ্গে যোগ আছে এমন যুবকদের খোঁজ শুরু করে এসটিএফ। রানাকে জেরা করেই একের পর এক নাম জানতে পারে তদন্তকারীরা। তখনই জাফরের নাম জানতে পারে পুলিশ। গোপন তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ করত রানা রউফ। কাঠমাণ্ডু হয়ে কলকাতায় ঢুকে নাশকতার ছক কষেছিল। তারপর পরিস্থিতি প্রতিকূল হতেই পেট্রাপোল দিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিল। তবে তার আগেই রানা ধরা পরে যায়। ইমরান ধরা পড়ে যাওয়ার পর তপসিয়া থেকে রিষড়ায় চলে আসে জাফর। কিন্তু তারপরও পুলিশের নাগাল থেকে বাঁচতে পারল না জাফর। পুলিশ তাকে ধাওয়া করে রিষড়ার সন্ধ্যাবাজার এলাকায় অভিযান চালিয়ে মাঝরাতে পাকড়াও করেছে।