নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার মহিলা সহ দুই পুরুষ ব্যক্তিকে আটক করল পুলিশ। যদিও পুলিশ আসার আগেই এক একজন পালিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মানিক সাধুখা লেন এলাকায়।
সুত্র মারফত জানা যায় বেশ কিছুদিন ধরে বিশ্বজিৎ ঝার কাছ থেকে নেওয়া ভাড়াবাড়িতেই চলতো এই প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সংশ্লিষ্ট ভাড়া বাড়িতে হানা দিয়ে হাতেনাতে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মা ও হার্জ ঝা সহ চার মহিলাকে আটক করে নৈহাটি থানায় নিয়ে যায়। তাদের হেফাজত থেকে আটখানা মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এদের আর বড় কোন চক্র যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতারণা চক্রের পরিমাণ ক্রমেই বেড়েছে। এমনকি এই চক্রের চক্করে নাকাল হতে হয়েছে ওড়িশা পুলিশকেও। রথযাত্রা উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ যান পুরীতে। হোটেল বুক করেন অনলাইনে। সেখানেও ফাঁদ পেতেছিল এই প্রতারকেরা। বিপুল সংখ্যক সাইটকে বন্ধ করেছিল ওড়িশা পুলিশ।