নবদ্বীপে একাধিক পুজোয় বিগ্রহের গায়ে থাকা সোনা ও রুপোর গয়না চুরির অভিযোগ উঠেছে। পুজো উদ্যোক্তাদের দাবি, কোনও জায়গায় কয়েক লক্ষ টাকার সোনার গয়না তো কোথাও আবার রুপোর অলঙ্কার চুরি হয়েছে। অভিযোগ, ভিড়ের মধ্যেই মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন পুজো মণ্ডপ থেকে মূল্যবান গয়না উধাও হয়েছে। একাধিক পুজো কমিটির পক্ষ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
রাজাবাজার মহিষমর্দিনী বারোয়ারিতে গয়না চুরির অভিযোগ উঠেছে। সেখানকার পুজো কমিটির সদস্য হারাধন দাস জানান, প্রতিমার রুপোর মুকুট, কানের দুল, কোমরের গয়না ও পায়ের তোড়া চুরি হয়েছে। সেই সঙ্গে সোনার নথ, টানা এবং কপালের টিপও পাওয়া যাচ্ছে না। তাঁর দাবি, সোনার গয়নার পরিমাণ প্রায় এক ভরি এবং রুপোর গয়না প্রায় ১২০ ভরি।
তাঁর অভিযোগ, রাত একটা পর্যন্ত তিনি মণ্ডপেই ছিলেন। গয়না চুরির বিষয়টি পরে নজরে আসে। পুজো উদ্যোক্তাদের দাবি, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে মণ্ডপের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। প্রতিমার গলা ও মুকুটের গয়না খোলার চিহ্নও রয়েছে বলে তাঁরা জানিয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বঙ্গপাড়ার শ্যামামাতা বারোয়ারি পুজোতেও গয়না চুরির অভিযোগ উঠেছে। সেখানকার পুজো কমিটির সম্পাদক দেবব্রত সাহা জানান, রাত প্রায় ৩টা ২০ থেকে ৩টা ২৫ মিনিটের মধ্যে চুরির ঘটনা ঘটেছে। এক সদস্যের ছোট ছেলে ঘটনাটি দেখতে পায় বলে দাবি। প্রতিমার গলার কাছ থেকে মালা, নূপুর, তিনটি মালা, একটি টাই, টিকলি, মুকুট ও গলার চেন চুরি হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর দাবি, চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য ৫-৬ হাজার টাকা বলে তাঁর দাবি।
জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। পুজো কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। প্রায় ৩০০ বছরের পুরনো এই বারোয়ারিতে আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুজো উদ্যোক্তারা। উত্তর বঙ্গপাড়ার মৃত্যুঞ্জয় শ্যামামাতা বারোয়ারি পুজো কমিটির সদস্য প্রসেনজিৎ দাসের দাবি, তাঁদের প্রতিমার তিনটি হার, গলার চেন, দুল ও একটি ঝুমকো চুরি হয়েছে। চুরি যাওয়া গয়নার বাজারমূল্য ৫-৬ লক্ষ টাকার বেশি। সেই সঙ্গে প্রায় আড়াইশো ভরি রুপোর গয়না চুরি হয়েছে বলেও তাঁর অভিযোগ।
এদিকে, নবদ্বীপের পোড়াঘাট গৌড়গঙ্গা বারোয়ারি পুজো কমিটির সভাপতি গণেশ চন্দ্র দাস জানান, তাঁদের ১২৭ বছরের পুরনো পুজোয় এই প্রথম চুরির ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, প্রতিমার গায়ে থাকা সমস্ত সোনার গয়না চুরি হয়েছে। তাঁর দাবি, প্রায় ৩০০ গ্রাম সোনার গয়না চুরি হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৪৫-৫০ লক্ষ টাকা। সিসিটিভি ফুটেজে একজনের ছবি দেখা গেলেও তাঁকে এখনও শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: রেখার শরীরে বিষক্রিয়া ঘিরে ঘনীভূত রহস্য, পরিবারের অন্দরেই কি ষড়যন্ত্র?
তিনি জানিয়েছেন, ৬৬ থানায় অভিযোগ জানানো হয়েছে। চুরি যাওয়া গয়না দ্রুত উদ্ধার না হলে বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেওয়ার মানসিক অবস্থাও তাঁদের নেই বলে জানিয়েছেন গণেশ চন্দ্র দাস। একাধিক পুজোয় কীভাবে চুরির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।