রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিনই ২০১৬ এসএলএসটি-র ওএমআর শিট প্রকাশ

রাজ্য রাজনীতির পালাবদলের আবহে নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যেই ২০১৬ সালের এসএলএসটি পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করল এসএসসি। দীর্ঘ প্রতীক্ষার পর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান কপি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলতে থাকা ওএমআর কারচুপির অভিযোগ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট বিকৃতি, নম্বর বৃদ্ধি এবং ভুয়ো সুপারিশ নিয়ে বারবার আদালতের তোপের মুখে পড়েছিল কমিশন। কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, পরীক্ষার্থীদের আসল স্ক্যান কপি প্রকাশ করতে হবে। আদালতের সেই নির্দেশ এবং স্বচ্ছতা বজায় রাখার দাবিতেই কমিশন শেষ পর্যন্ত ওএমআর শিট প্রকাশ করতে বাধ্য হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কমিশন সূত্রে খবর, চাকরিপ্রার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ওয়েবসাইট থেকে ওএমআর শিট ডাউনলোড করতে পারবেন। এর ফলে বহু বিতর্কিত প্রশ্নের উত্তর সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কার নম্বর কীভাবে বৃদ্ধি পেল, কার শিট ফাঁকা থাকা সত্ত্বেও চাকরি মিলল কিংবা উত্তরপত্রে কোনও পরিবর্তন হয়েছিল কি না, তা এবার আরও স্পষ্ট হবে।
পর্যবেক্ষকদের একাংশের মতে, শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিনেই এই ওএমআর প্রকাশ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিয়োগ দুর্নীতি ইস্যুতে দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব ছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি বারবার দাবি করেছিলেন, শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং প্রকৃত যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন। সেই কারণে তাঁর মুখ্যমন্ত্রী হিসেবে শপথের দিন কমিশনের এই পদক্ষেপ নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, চাকরিপ্রার্থীদের বড় অংশ কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বহু আন্দোলনকারী চাকরিপ্রার্থীর দাবি, এতদিন ধরে যেসব অভিযোগ সামনে এসেছে, ওএমআর শিট প্রকাশ্যে আসার ফলে তার সত্যতা যাচাই করা সহজ হবে। তাঁদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছিল কি না, তার অনেকটাই এবার পরিষ্কার হয়ে যাবে। একই সঙ্গে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও একাধিক রাজনৈতিক নেতার নাম জড়িয়েছে। আদালতের নজরদারিতে চলা তদন্তে ওএমআর শিট প্রকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছে প্রশাসনিক মহল।