খবরের শিরোনামে উঠে এল রাজুদার পকেট পরোটার দোকান। শনিবার সকালে হঠাৎই সেই দোকানে হানা দেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। খাবারের গুণমান পরীক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তবে এদিন শিয়ালদহ স্টেশন চত্বর ও সংলগ্ন একাধিক খাবারের দোকানে ভেজাল ও বাসি খাবার বিক্রি রুখতে অভিযান চালিয়েছেন আধিকারিকেরা।
সমাজমাধ্যমে পরিচিত ও ভাইরাল রাজুদার দোকানের পকেট পরোটা বেশ জনপ্রিয়। এনআরএস হাসপাতালের সামনের ফুটপাতে রয়েছে এই দোকান। আধিকারিকদের দাবি, রাজুদার দোকানের কোনও বৈধ লাইসেন্স নেই। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, রাজুদার দোকানের খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারের গুণগত মান পরীক্ষা করার জন্য ল্যাব টেস্ট করা হবে।
শনিবার শিয়ালদহে একাধিক খাবারের দোকানে অভিযান চালিয়ে প্রচুর বাসি মাছ, মাংস ও পচা খাবার বাজেয়াপ্ত করে ফেলে দেওয়া হয়। পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান, ভেজাল ও গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় মোট ১০০টি সিঙারা, কচুরির ডাল, বিভিন্ন তরকারি, পচা চিকেন ও মাছের ডিম নষ্ট করে ফেলা হয়েছে।
শুধু তাই নয়, বেশ কিছু দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পুরসভার পরীক্ষাগারে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষার নিয়ম লঙ্ঘনের অভিযোগে পুরসভা একাধিক খাবারের দোকান মালিককে নোটিশও দিয়েছে। দুর্গাপুজোর আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁগুলিতে পুরসভা ও খাদ্য সুরক্ষা দপ্তর যৌথ অভিযান চালিয়েছিল। সেই সময়ে একাধিক বড় রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়েছিল। কালীপুজোর আগেও ফের একবার অভিযানে নামল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা।