রেশন দুর্নীতি নয়, ফ্ল্যাট প্রতারণা মামলায় ফের তলব নুসরত জাহানকে

ফাইল চিত্র

ফের তলব করা হল অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে। তবে রেশন দুর্নীতির জন্য তাঁকে ডাকা হয়েছে বলে যে জল্পনা ছড়িয়েছিল, তা সত্যি নয়। রাজারহাটের ফ্ল্যাট প্রতারণা সংক্রান্ত পুরনো মামলায় তাঁকে তলব করা হয়েছে।

জানা গিয়েছে, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ঘিরেই এই তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী, একটি সংস্থা বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। ওই সংস্থার সঙ্গে নুসরতের নাম জড়িয়েছিল। কারণ তিনি ডিরেক্টর পদে ছিলেন বলে দাবি করা হয়েছে। যদিও অভিনেত্রী আগেই এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে এই মামলায় নতুন কিছু তথ্য সামনে এসেছে। সেই কারণেই তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে ২০২৩ সালে একই মামলায় দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।


এদিকে, নির্দিষ্ট দিনে কলকাতায় হাজিরা দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন নুসরত। তাঁর তরফে জানানো হয়েছে, ওই সময়ে তিনি দিল্লিতে থাকতে পারেন। ফলে সেখানে বসেই জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হলে সুবিধা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই আবেদন তদন্তকারী সংস্থা মেনে নিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ভোটের আগে ইডি-র এই তলব ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দল তৃণমূলকে নিশানা করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, নুসরতের অনুগামীরা দাবি করছেন, এটি একটি পুরনো মামলা। কিন্তু বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে আনা হচ্ছে।