নবনির্মিত এক বেসরকারি নার্সিংহোমে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ঘিরে বড়সড় প্রতারণার অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক-যুবতীর কাছ থেকে প্রশিক্ষণ ও নিয়োগের নামে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জাতীয় সড়কের ধারে সম্প্রতি গড়ে ওঠা ‘মালদহ মিশন হাসপাতাল’ নামে ওই নার্সিংহোম গত বছরের জানুয়ারি মাসে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই বিজ্ঞাপন দেখে শুধু মালদহ নয়, পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু প্রার্থী যোগাযোগ করেন। তাঁদের জানানো হয়, নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, রক্ষী-সহ একাধিক পদে নিয়োগ হবে।
অভিযোগ, আবেদনকারীদের সকলকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। পরে প্রশিক্ষণের নামে কারও কাছ থেকে ৫ হাজার, কারও কাছ থেকে ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। ইউনিফর্ম, ট্রেনিং এবং দ্রুত যোগদানের আশ্বাস দিয়ে অতিরিক্ত অর্থও তোলা হয়েছে বলে অভিযোগ। এভাবে কয়েক হাজার প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কারও চাকরি হয়নি। টাকা ফেরত চাইতে গেলে কর্তৃপক্ষ তাঁদের চিনতে অস্বীকার করেন, এমনকি হুমকির অভিযোগও উঠেছে। সোমবার প্রতারিত প্রার্থীরা দলবদ্ধভাবে অভিযোগ জানান। কালিয়াচক থানায় অভিযোগ জমা দিতে গেলে তা নেওয়া হয়নি বলেও দাবি। পরে তাঁরা জেলাশাসকের দারস্থ হন। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নার্সিংহোম কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলতে চাননি।