বিহার থেকে বাঘিনী আসবে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে। ইতিমধ্যেই বাঘিনী আনতে টাইগার রিজার্ভের ১৫ জনের বিশেষ দল বিহারে গিয়েছে। আগামী ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে আনা হবে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের ওই বাঘিনীকে।
বাঘিনীকে আনার জন্য বিশেষ অ্যাম্বুল্যান্স ও খাঁচার ব্যবস্থা করা হয়েছে। ১৫ জনের বিশেষ দল ইতিমধ্যেই সেই খাঁচা নিয়ে বিহারে পৌঁছে গিয়েছে। আগামী ২ অক্টোবর ছাড়ার এক সপ্তাহ আগে বাঘিনীকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করে গ্রীন করিডোর দিয়ে বক্সাতে আনা হবে। সেখানে আনার পর বক্সা রিজার্ভে বাঘিনীর জন্য তৈরি বিশেষ এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে। সেখানে কয়েকদিন রাখার পর ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভে ছাড়া হবে।
১৯৮২ সালে আলিপুরদুয়ার জেলার বক্সা বাঘ বন দেশের ১৫ তম বাঘ সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। মোট ৭৬০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বক্সা বাঘ বন রয়েছে। তখন ওই বনাঞ্চলে ২০টিরও বেশি বাঘ থাকার রেকর্ড ছিল। তবে পরবর্তীকালে সেই বনাঞ্চলে একেবারে বাঘ নিশ্চিহ্ন হয়ে যায়। এখন সেখানে একটাও বাঘ নেই।
কিন্তু গত কয়েক বছরে ভুটান থেকে এই বনাঞ্চলে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। কিন্তু এই বনাঞ্চলে যাতে বাঘেদের স্থায়ীভাবে বসবাস গড়ে তোলা যায়, তার জন্য নতুন উদ্যোগ নিয়েছে বন দপ্তর। আর তার জন্য এবার বিহার থেকে বাঘিনীকে এনে বংশবিস্তার করাতে চাইছে বন দপ্তর।
আরও পড়ুন: টানা ২৪ দিনের বিশেষ কর্মসূচি, কলকাতা বিমানবন্দরে শুরু হচ্ছে ‘যাত্রী সেবা অভিযান ২০২৬’
উল্লেখ্য, আগামী ২ অক্টোবর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বাঘ ছাড়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। জঙ্গলে বাঘ ছাড়ার ভিডিও প্যারেড গ্রাউন্ডে লাইভ দেখানো হবে। এ বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, আগামী ২ অক্টোবর বিহারের বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়া হবে। প্যারেড গ্রাউন্ডের সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। সাধারণ মানুষও জঙ্গলে বাঘ ছাড়ার সেই ভিডিও দেখতে পারবেন।