একমাসে ৫০ বন্যপ্রাণীর প্রাণরক্ষা, রেলের তৎপরতায় খুশি আমজনতা

Photo: AI

রেললাইন চলে আসা একের পর এক বন্যপ্রাণীর প্রাণ বাঁচিয়ে নজির গড়ল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশনের দাবি, একমাসে প্রায় ৫০ বন্যপ্রাণীর প্রাণ বেঁচেছে। তাদের মধ্যে হাতির সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে। শিলিগুড়ি-আলিপুরদুয়ার জংশন ১২৬ কিলোমিটার রেল ট্র্যাকে এই বন্যপ্রাণীদের প্রাণ বাঁচিয়েছে।

মঙ্গলবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন একটি হাতির প্রাণ বাঁচানোর ভিডিও প্রকাশ করে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত ৩টে ৪০ মিনিট নাগাদ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে একটি রেল ইঞ্জিন আসছিল। জলপাইগুড়ির বানারহাট ও ক্যারন এলাকার মাঝে রেললাইনের ৮৪৮ কিলোমিটার পিলারের কাছে একটি হাতিকে দেখতে পান ওই রেল ইঞ্জিনের চালক ও সহ-চালক।

জানা গিয়েছে, হাতিটিকে দেখতে পেয়েই চালক জরুরি ব্রেক কষেন। রেল সূত্রের খবর, ইঞ্জিনের সঙ্গে কোনও বগি না থাকায় ইঞ্জিনকে চালক ব্রেক কষে দাঁড় করাতে পেরেছেন। প্রায় ১৫ মিনিটের মতো ট্রেন ইঞ্জিনটি সেখানেই দাঁড়িয়ে ছিল। পরে হাতিটি ধীরে ধীরে রেললাইন পেরিয়ে জঙ্গলে প্রবেশ করলে ইঞ্জিন ফের নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ওইদিন এই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পরে অনেকেই রেলের প্রশংসায় পঞ্চমুখ। বনদপ্তরও রেলের এইভাবে বন্যপ্রাণী বাঁচানোর প্রচেষ্টায় খুশি হয়েছে।


উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন এই ভিডিয়ো প্রকাশ করার পাশাপাশি এক মাসে ৫০ বন্যপ্রাণী বাঁচানোর রেকর্ডের কথাও উল্লেখ করেছে। শিলিগুড়ি-আলিপুরদুয়ার রেললাইনে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণীর প্রাণরক্ষা হওয়ায় রেলের কাজে খুশি সকলে। উত্তর-পূর্ব সামীন্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব জানিয়েছেন, বন্যপ্রাণীদের এভাবে প্রাণ রক্ষা করার জন্য রেলের চালক-সহ অন্যান্য রেলকর্মীদের পুরস্কৃত করা হয়েছে। বন্যপ্রাণীদের প্রাণ রক্ষা করার জন্য তারা সবসময় তৎপর বলেও জানিয়েছেন।