রাজ্যের নস্ট্যালজিয়া যেমন ট্রাম তেমনই ডবল ডেকার বাস। আশির দশক থেকে মানুষজন তা দেখেছেন নব্বই দশক পর্যন্ত। তারপর তা কালের গতিতে উঠে গিয়েছে। এবার সেই নস্টালজিয়া আবার ফিরিয়ে আনা হচ্ছে। তাতে একদিকে নস্টালজিয়া ফেরার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যও ফিরবে। এই ডবল ডেকার বাস এবার দেখা যাবে ডুয়ার্সের রাজপথ থেকে শুরু করে কোচবিহার-সহ নানা রুটে। একদা কলকাতার রাজপথেও দেখা যেত ডবল ডেকার বাস। লাল রঙের সেই বাস দক্ষিণ থেকে উত্তরে ছুটে চলত। দোতলা বাসের সেই স্মৃতি এখনও প্রবীণ নাগরিকদের মণিকোঠায় রয়েছে। সেই নস্ট্যালজিক দিন ফিরে আসুক চান অনেকেই। বামফ্রন্ট সরকারের সময় এই বাস পরিষেবা অচল হয়ে পড়ে। এবার রাজ্যে এসেছে বিজেপি সরকার। অতীতের অচলায়তনের অবসান ঘটিয়ে আবার শহরের রাস্তায় গড়াবে দোতলা বাসের চাকা।
এখনই কলকাতায় তা চালু হচ্ছে না। পরে নিশ্চয়ই হবে। এবার কোচবিহারের সঙ্গে ডুয়ার্সের এক বিস্তীর্ণ অঞ্চলকেও জুড়ে দেবে ডবল ডেকার বাস পরিষেবা। যাঁরা ভ্রমণ করতে উত্তরবঙ্গে যাবেন তাঁরা এই বাস পরিষেবা পাবেন। বলতে পারেন, ফিরে যাবেন পুরনো সেই দিনের স্মৃতিতে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ইতিমধ্যেই এই নয়া রুটের সার্বিক সমীক্ষা করেছে। রুট সার্ভে করার পরই নিগম কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রায় পৌনে দু’কোটি টাকা খরচ করে পরিবেশবান্ধব ইলেকট্রিক অথবা সিএনজি চালিত নতুন ডবল ডেকার বাস কেনা হচ্ছে। সুতরাং শীতের মধ্যেই সেগুলি এসে গেলে উত্তরবঙ্গে গিয়ে প্রাকৃতিক দৃশ্য জানালার ধারে বসে দেখে স্মৃতি রোমন্থন করতে পারবেন ভ্রমণপিপাসুরা।
এই বাস পরিষেবা পেয়ে অতীতের নস্টালজিয়ায় ফিরে যেতে পারবেন অনেকেই। আগে কোচবিহারে দোতলা বাস পরিষেবা ছিল। কোচবিহার থেকে পুণ্ডিবাড়ি হয়ে সোনাপুর এবং কোচবিহার থেকে তুফানগঞ্জ হয়ে বক্সিরহাট পর্যন্ত এই ডবল ডেকার বাসগুলি নিয়মিত চলত। কিন্তু সেসব এখন অতীত। সেই অতীতকেই বর্তমান করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারে অনেকেই ঘুরতে আসেন। এখান থেকে আবার অনেকে পাহাড়ের পথে যান। কিন্তু সেসব ভারী খরচ সাপেক্ষ। কোচবিহারের মধ্যে ঘুরতে এবার থেকে আর সেই বিপুল খরচ করতে হবে না।
জয়ন্তী এবং রসিকবিলের মতো পর্যটন এলাকায় বাসগুলি আগে চালানো হতো। আর নিগমের ‘সবুজের পথে হাতছানি’ রূপায়ণ প্রকল্পেও সেইসব ডবল ডেকার বাসগুলি ব্যবহার করা হয়েছিল। কিন্তু একসময়ে সেটাও বন্ধ হয়ে যায়। অনেকেই হতাশ হয়ে পড়েন। নিগমের অফিসে বহু মানুষ নানা সময়ে দরবারও করেছেন। এবার নিগম নতুন ডবল ডেকার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানান, আর্থিক ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে রুট এবং আনুষঙ্গিক পরিকাঠামো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।