ভোররাতে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯

Image: AI

উত্তরবঙ্গে ঘুম ভাঙল ভূমিকম্পের কম্পনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৪টে নাগাদ কেঁপে উঠল দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুধু পশ্চিমবঙ্গ নয়, সিকিম, বিহার, নেপাল এবং ভুটানের বিভিন্ন প্রান্তেও এই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের কিছু এলাকা থেকে কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল নেপাল। যা সিকিম-নেপালের সীমান্তের কাছাকাছি এলাকা।

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। তবে যাঁরা জেগে ছিলেন, তাঁরা কম্পন অনুভব করতে পেরেছেন। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় কম্পন ঘিরে উদ্বেগ ছড়ায়। সিকিমের বিস্তীর্ণ অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে নামল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল ফুটপাতের অস্থায়ী শেড


প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল সিকিমের ইয়কসম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। নেপাল সীমান্ত লাগোয়া এলাকায় উৎস হওয়ায় প্রতিবেশী দেশগুলির পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের একাধিক এলাকাতেও তার প্রভাব পড়েছে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর মেলেনি।

উল্লেখ্য, গত জুন মাসে ভুটানে শক্তিশালী কম্পন হয়েছিল। সে বার ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের জেরে ভারত, চিন, বাংলাদেশ এবং নেপালের বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া গিয়েছিল। পর পর ভূমিকম্পের জেরে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণতা নিয়ে আলোচনা চলছে। তবে আজকে কম্পনে এখনও পর্যন্ত বড় কোনও দুর্ঘটনার খবর সামনে আসেনি।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=NBtN-_Asl_SVWab1″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>