দুর্গাপুজো, কালীপুজো শেষ হয়ে গিয়েছে। ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো আসছে। কিন্তু এখনও পুজোর বোনাস পাননি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকা শ্রমিকরা। এঁরা সুপার স্পেশালিটি ব্লকে এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন। তবে শুধু বোনাসই নয়, তাঁদের গত একমাসের বেতনও বকেয়া রয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দু’দিন আগে হাসপাতাল সুপারের কাছে বকেয়া বেতন এবং পুজোর বোনাসের দাবিতে আবেদন জানান ঠিকা কর্মীরা। এই খবর ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাতে প্রশ্ন উঠছে, কেন এমন ঘটনা ঘটল? মাসিক বেতন বকেয়া থাকলে সংসার চালানো কঠিন বলে জানাচ্ছেন ঠিকা কর্মীরা।
ঠিকা কর্মীদের অভিযোগ, দিনের পর দিন নিয়মিত কাজ করেও প্রাপ্য বেতন মিলছে না। এমনকী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেটা কেটে গেলেও বোনাস মিলছে না। অথচ দুর্গাপুজোর আনন্দের দিনগুলিতেও পরিবারের সঙ্গে না থেকে কাজ করে গিয়েছেন তাঁরা। পুজোর ছুটির রেশ এখনও কাটেনি। তাই নানা দপ্তরের স্বাভাবিক কাজকর্ম এখনও পুরোপুরি শুরু হয়নি। তার জেরে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে নিজেদের সমস্যার কথা জানাতেও পারছেন না তাঁরা। ঠিকা কর্মীদের প্রশ্ন, কাজ করেও যদি সময় মতো বেতন না মেলে তাহলে সংসার চলবে কেমন করে? বোনাস না পাওয়ায় পুজোর আনন্দও মাটি হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।
রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। বাজারে শাক-সবজি থেকে শুরু করে মাছ-মাংস-ডিমের দামও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সেখানে বেতন বকেয়া থাকলে খাওয়া বন্ধ হয়ে যাবে। এমনকী গাড়ি ভাড়া দিয়ে হাসপাতালে কাজে আসা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন ঠিকা কর্মীরা। ঠিকা কর্মীদের একমাসের বেতন এবং পুজোর বোনাস দিতে না পারার কথা স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট এজেন্সির কর্ণধার অনিমেষ দাস। তবে তার জন্য তিনি স্বাস্থ্যদপ্তরের গড়িমসিকেই দায়ী করেছেন। তাঁর দাবি, ‘সুপার স্পেশালিটি ব্লকে কর্মী নিয়োগের বরাত পাওয়ার পর ৮ মাস কেটে গিয়েছে। কিন্তু কোনও টাকা মেলেনি। মাসের পর মাস বিল জমা দিয়েও টাকা না পেয়ে সমস্যায় পড়তে হচ্ছে।’
তাছাড়া ওই এজেন্সির কর্ণধার আরও জানিয়েছেন, পুজোর ছুটির জেরে অন্যান্য দপ্তরও বন্ধ ছিল। সুতরাং অন্য যেসব জায়গায় তিনি কাজ করেন, সেখান থেকেও প্রাপ্য টাকা হাতে আসেনি। তাই নিজের পকেট থেকে টাকা দিয়ে কর্মীদের সমস্যার সমাধান করার মতো পরিস্থিতিও নেই। এই বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ কৌশিক ঈশোর বলেন, ‘রাজ্য সরকার সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা এবং পরিকাঠামোর উন্নয়নে সচেষ্ট। সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ করার আবেদন জানাচ্ছি। যাতে এজেন্সিকে বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হয়।’