তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। গত কয়েকদিন ধরে সেখানে বৃষ্টির দাপট চলছে। প্রবল বর্ষণের জেরে এবার ভেঙে পড়ল সেতু। প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার দুধিয়া এলাকায় বালাসন নদীর উপরে নির্মিত অস্থায়ী সেতুটি ভেঙে পড়েছে। শুক্রবার সকালে সেতু ভেঙে পড়ার খবর পাওয়া যায়। এর জেরে শিলিগুড়ি-মিরিক যান চলাচলও আপাতত বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে মিরিক ও নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়। এর ফলে পাহাড়ের একাধিক নদীর জলস্তর বেড়ে যায়। অনেক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। বালাসন নদীর জলস্তরও ফুলেফেঁপে ওঠে। দুধিয়ার হিমপাইপের সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে।
এভাবে সেতু ভেঙে যাওয়ার ফলে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। প্রশাসন পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, নদীর স্রোতের বেগ কমলে দুধিয়ার ডাইভারশন মেরামতির কাজ শুরু হবে। টানা বৃষ্টির জেরে পাহাড় ও সংলগ্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা বেড়েছে। সেই সঙ্গে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গে পাহাড়ে ধস, নীচু এলাকায় জল জমার পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। তাই আবহাওয়া দপ্তর পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প প্রবেশ করেছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য রাজ্যজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।