রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কালীঘাটে নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান কিছু পরিবর্তন দেখা গিয়েছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল নিরাপত্তা বলয়ে কোনও কাটছাঁট হচ্ছে না, এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। তাঁর বক্তব্য, মমতার ‘জেড প্লাস’ নিরাপত্তা আগের মতোই বহাল থাকবে এবং সেই অনুযায়ী পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ভোর থেকেই কালীঘাট এলাকায় দীর্ঘদিনের পরিচিত কড়া নিরাপত্তা বলয়ে কিছুটা শিথিলতা চোখে পড়ে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও সংলগ্ন এলাকায় থাকা ব্যারিকেড, অতিরিক্ত নিরাপত্তাকর্মী এবং অস্থায়ী কিয়স্ক সরিয়ে নেওয়া হয়। ফলে বহুদিন পর এলাকা অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।
তবে প্রশাসনের দাবি, এই পরিবর্তন শুধুমাত্র অতিরিক্ত নিরাপত্তা ঘিরেই। নিয়ম অনুযায়ী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেরই প্রাপ্য নিরাপত্তা পুরোপুরি বজায় রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা বহাল থাকছে।
ডিজি আরও জানিয়েছেন, কিছু পুলিশকর্মীকে অন্য দায়িত্বে পাঠানো হয়েছে, যা বাহিনীর স্বাভাবিক পুনর্বিন্যাসের অংশ। এর সঙ্গে নিরাপত্তা কমানোর কোনও সম্পর্ক নেই।দীর্ঘদিন ধরে কালীঘাট ও আশপাশের এলাকায় যে কড়া নজরদারি ছিল, তা কিছুটা শিথিল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের
মধ্যেও স্বস্তির ভাব দেখা যাচ্ছে। আগে যেখানে সাধারণ মানুষের চলাচলে একাধিক বিধিনিষেধ ছিল, এখন সেখানে অনেকটাই খোলামেলা পরিবেশ তৈরি হয়েছে।যদিও কিছুটা পরিবর্তন হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে কোনও ফাঁক রাখা হয়নি, এই বার্তাই দিতে চাইছে প্রশাসন।