দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব কলকাতায় পরিস্রুত পানীয় জলের ঘাটতি মেটাতে বড়সড় পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। সংযুক্ত এলাকায় নিরবচ্ছিন্ন জল সরবরাহ নিশ্চিত করতে ধাপা ও গড়িয়া ঢালাই ব্রিজের কাছে গড়ে তোলা হচ্ছে দু’টি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পুর কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী মার্চ–এপ্রিলের মধ্যেই এই প্রকল্প দু’টি চালু করা।
ধাপায় নির্মীয়মাণ প্লান্টটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ মিলিয়ন গ্যালন। অন্যদিকে, গড়িয়া ঢালাই ব্রিজ সংলগ্ন প্লান্ট থেকে প্রতিদিন ১০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রকল্প দু’টি চালু হলে টালিগঞ্জ, যাদবপুর এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের কয়েক লক্ষ বাসিন্দা উপকৃত হবেন বলে দাবি পুর প্রশাসনের।
তবে শুধু প্লান্ট তৈরি করলেই কাজ শেষ নয়। জল সরবরাহের জন্য প্রয়োজন বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ৯১টি স্ট্রেচ জুড়ে প্রায় ১৩৫ কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হচ্ছে। ইতিমধ্যে ৪৬ কিলোমিটারের বেশি অংশে পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। পাইপ বসানোর জন্য একাধিক এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। বর্তমানে প্রায় ২৫টি রাস্তায় দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের কাজ চলছে।
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে তৎপর পুর প্রশাসন। নির্ধারিত সময়ে জল সরবরাহ শুরু হলে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব কলকাতার দীর্ঘদিনের জলসঙ্কট অনেকটাই মিটবে হবে বলে আশা করা হচ্ছে।