রাজ্যে ক্ষমতায় আসার পর মহিলাদের সফর নিশ্চিন্ত করেছে বিজেপি সরকার। এখন পশ্চিমবঙ্গের মহিলারা বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারেন। লাগে না কোনও ভাড়া। এবার সেই যাত্রাকে আরও মসৃণ করতে বেশ কয়েকটি রুটে নতুন এসি বাস নিয়ে আসছে রাজ্য সরকার। রাজ্যের গণপরিবহনকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে চালু হচ্ছে ৩টি নতুন এসি বাস রুট। তার ফলে কলকাতা এবং সংলগ্ন জেলার যাতায়াত হবে অত্যন্ত সহজ, দ্রুত ও আরামদায়ক। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ রাজ্য সরকারের।
কোন তিনটি রুটে নয়া বাস? রাজ্য সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, নিউটাউন (ইকো স্পেস) থেকে সোনারপুর, পাটুলি (ঢালাই ব্রিজ) থেকে হাওড়া স্টেশন, কল্যাণী বড়জাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী এই তিনটি নয়া রুটে চালু হচ্ছে এসি বাস। ইকো স্পেস থেকে সোনারপুর পর্যন্ত চলবে এসি ৫৮। ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন চলবে এসি ২৪। আর কল্যাণী বড়জাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত চলবে এসি ৫৭। এই নতুন বাস-সহ নয়া রুট নিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গের গণপরিবহন ব্যবস্থায় আসতে চলেছে এক বড় পরিবর্তন।’
কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে? এই তিনটি রুটে নয়া এসি বাস পরিষেবা নিয়ে আসার ক্ষেত্রেও বিশেষ কারণ রয়েছে। এই বিষয়ে সমাজমাধ্যমে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক এবং যাত্রীবান্ধব করতে চালু হচ্ছে নতুন তিনটি এসি বাস। এই নতুন বাস রুটগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা এবং পরিবহন কেন্দ্রগুলির মধ্যে অতিরিক্ত উন্নত সংযোগ নিশ্চিত করবে।’ অর্থাৎ ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চিকিৎসার কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।
আর কী জানা যাচ্ছে? কদিন আগেই কলকাতাকে আরও আধুনিক করতে শহরে ডিজিটাল হোর্ডিং, ডিজিটাল বাসস্ট্যান্ডের কথা বলেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডের মধ্যে দুই জায়গায় ডিজিটাল হোর্ডিং লাগানো হয়ে গিয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলও চলছে। তারই মধ্যে আবার তিনটি নতুন এসি বাস চালু হলে যাত্রীদের বেশ খানিকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের পরিবহনমন্ত্রীর বক্তব্য, ‘রাজ্যের সাধারণ মানুষের যাতায়াতকে উন্নত, নিরাপদ, আধুনিক এবং স্বাচ্ছন্দ্যময় করতে পরিবহন দপ্তর একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এছাড়া রাজ্যের নানা রুটে পর্যায়ক্রমে ৪৭০টি নতুন ইলেকট্রিক, সিএনজি এবং ডিজেল বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।’