নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডের পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বড় পদক্ষেপ করতে চলেছে বারুইপুর জেলা পুলিশ। সূর্যপুর এলাকায় এ বার একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপযুক্ত জমির খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বারুইপুর কাণ্ডের পর মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার পরিবার এলাকায় একটি পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছে। সেই দাবি ডিজি এবং স্বরাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। প্রয়োজনে ঘরভাড়া নিয়ে সেই আউটপোস্ট চালু করতে হবে।
মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সূর্যপুর এলাকায় পুলিশ ফাঁড়ি চালু করার তৎপরতা শুরু হয়। বর্তমানে সূর্যপুরে পুলিশের একটি ক্যাম্প থাকলেও সেটি মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। কোনও লিখিত অভিযোগ দায়ের করতে হলে স্থানীয় বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নতুন পুলিশ ফাঁড়ি চালু হলে সেই সমস্যার সমাধান হবে। তাঁরা সরাসরি ফাঁড়িতেই অভিযোগ দায়ের করতে পারবেন। পাশাপাশি তদন্ত-সংক্রান্ত প্রাথমিক কাজও সেখান থেকেই করা সম্ভব হবে। ফলে সাধারণ মানুষের হয়রানি কমবে।
পুলিশ সূত্রে খবর, নতুন ফাঁড়িতে বর্তমান ক্যাম্পের তুলনায় আরও বেশি সংখ্যক পুলিশকর্মী ও অফিসার মোতায়েন করা হবে। এর ফলে এলাকায় টহলদারি, অপরাধ দমন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি পরিষেবা দেওয়া আরও সহজ হবে। সূর্যপুর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি গড়ে তোলার। জেলা পুলিশের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিরাপত্তা যেমন জোরদার হবে, তেমনই প্রশাসনিক পরিষেবাও মানুষের আরও কাছাকাছি পৌঁছবে।
নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় গত রবিবার থেকে উত্তপ্ত বারুইপুরের সূর্যপুর এলাকা। ইতিমধ্যেই এই ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল নিহত হয়েছেন পুলিশের এনকাউন্টারে। পুলিশের হেফাজতে রয়েছেন আরও তিন অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লা। গত শনিবার নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা।
রবিবার এলাকার একটি পুকুর থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এর পর অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম গ্রেফতার হয়েছিলেন প্রভাস। তাঁর সূত্র ধরেই বাকি তিন জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে সূর্যপুরে যায় পুলিশ। দাবি, সেই সময় এক পুলিশ অফিসারের রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন প্রভাস। এক রাউন্ড গুলিও চালান। পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় প্রভাসের।