কন্ঠস্বরের নমুনা মামলায় রীতিমত কোনঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল। কিন্তু তা খারিজ করেন স্বয়ং বিচারপতি। স্পষ্ট করে দিয়েছেন, মঙ্গলবারের আগে কোনো আবে্দন তিনি শুনবেন না। আর বুধবারেই অভিষেককে কন্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত।
ছাব্বিশের ভোটের প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুশিয়ারি দিয়েছিলেন অভিষেক। বলেছিলেন, ‘চার তারিখ বারটার পরে কোন জল্লাদের কত ক্ষমতা। কার দিল্লির বাবা তাঁকে বাঁচাতে আসে আমি দেখব। আর চার তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হন স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।’ আর অভিষেকের এই মন্তব্য নিয়েই আদালতে মামলা হয়েছিল। মামলা উঠেছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অন্যদিকে তদন্তে নেমে আধিকারিকেরা অভিষেকের কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চান। তদন্তকারী আধিকারিকদের এই পদক্ষেপ নিয়েই আদালতে গিয়েছিলেন অভিষেক। হয় আরও এক মামলা। কন্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। কিন্তু প্রথমে শুনানি হয়নি। পরে তা যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কন্ঠস্বরের নমুনার প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কি না। সেইসময় বিচারপতি তীর্থঙ্কর একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন। বিচারপতি প্রশ্ন তোলেন, তদন্তকারী আধিকারিক যদি মনে করেন ভয়েস স্যাম্পেল দরকার, তাহলে আদালত কি না বলতে পারে? তদন্ত যতক্ষণ চলছে, ততক্ষণ আদালত হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ, নমুনা পরীক্ষায় কোনও হস্তক্ষেপই করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে তিনি এই মামলাও ছেড়ে দেন। ডিজে মামলা যেহেতু বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বিচারাধীন রয়েছে, তাই মামলা থেকে সরে দাঁড়ান তিনি।
আজ সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করেছিলেন। তা খারিজ করে দেন বিচারপতি। বিচারপতি জানান মঙ্গলবারের আগে কোন আবেদন শুনবেন না। পুনরায় মঙ্গলবারে আবেদনের কথা জানানো হয়। তারপরে শুনানি হবে। ৩০ জুন অর্থাৎ মঙ্গলবারই বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, তিনি আদালতে হাজির হননি। সিআইডি-র তরফে জানানো হয়, কলকাতা হাইকোর্টে গিয়েছেন অভিষেক। এরপর ৮ জুলাই অর্থাৎ বুধবার কন্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ফের আবেদন করতে পারেন অভিষেক।