মেয়েদের সুরক্ষায় নতুন হেল্পলাইন নম্বর

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হল এক প্রশংসনীয় উদ্যোগ। সোমবার হাসপাতাল চত্বরে নারী সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। এই কর্মসূচির আয়োজন করে রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তরের ‘ওয়ান স্টপ সেন্টার’। মূলত নারীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন রুখতে সচেতনতা বাড়ানো এবং বিপদের সময়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই ছিল অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য।

এই অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের জন্য চালু করা হয়েছে দু’টি নতুন হেল্পলাইন নম্বর। কোনও জরুরি পরিস্থিতিতে মহিলারা এই নম্বরগুলিতে ফোন করে সাহায্য চাইতে পারবেন। নতুন চালু হওয়া হেল্পলাইন নম্বর দুটি হল— ৯০৪৬০৯৭১৯৭ এবং ৭৯০৮০৮২৮৩৮। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিপদের সময় এই নম্বরগুলিতে যোগাযোগ করলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।

রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত ওয়ান স্টপ সেন্টারের মূল লক্ষ্য হল শারীরিক, যৌন, মানসিক বা আর্থিক নির্যাতনের শিকার মহিলাদের পাশে দাঁড়ানো। এখানে নির্যাতিত নারীরা আইনি পরামর্শ, মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে পারেন। যে কোনও সমস্যায় তাঁরা এখানে এসে সহজেই সাহায্য ও পরামর্শ নিতে পারবেন।


এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নভনীত মিত্তল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু এবং শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস। তাঁরা সকলেই বলেন, নারীদের উপর অত্যাচার বন্ধ করতে হলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। এই লড়াইয়ে সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলেও তাঁরা জানান।

ওয়ান স্টপ সেন্টারের আধিকারিক পারমিতা বক্সী ভট্টাচার্য জানান, মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কোনও মহিলা যদি শারীরিক, মানসিক বা অন্য কোনও নির্যাতনের শিকার হন, তাহলে যেন তিনি ভয় না পেয়ে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। সমাজে নারীর প্রতি কোনও ধরনের নির্যাতন কখনওই গ্রহণযোগ্য নয় বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।