নতুন করে তোলাবাজির অভিযোগ বাপ্পাদিত্যের বিরুদ্ধে, কড়া পদক্ষেপ পাটুলি থানার

নতুন করে ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ উঠল। সেই অভিযোগেই তাঁকে শোন-অ্যারেস্ট দেখাল পাটুলি থানার পুলিশ। অভিযোগ, এক প্রোমোটারকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন তিনি।

আগেই অন্যত্র একটি মামলায় তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলায় অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। এবার অভিযোগকারী একজন প্রোমোটার। মহিলা আইনজীবীর দায়ের করা মামলায় রবিবার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে আলিপুর আদালতে তোলা হয়।

পুরনো মামলায় তাঁকে ৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নতুন মামলায় বাপ্পাদিত্যকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর পর তাঁকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানান সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য। তাঁকে নতুন মামলায় ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।


পুলিশের সূত্রে খবর, পাটুলি এলাকারই এক প্রোমোটারের অভিযোগ, তিনি একটি বাড়ির নির্মাণকাজ করার সময় তাঁকে কাউন্সিলর বাপ্পাদিত্য ডেকে পাঠান। তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা তোলা চাওয়া হয়। তিনি তখনই অত টাকা দিতে পারছেন না, তা জানালে তাঁকে অস্ত্র নিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

তাঁর বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও কাউন্সিলর ও তাঁর লোকেরা হুমকি দেয়। তাঁর কাছ থেকে ওই টাকা তোলা নেওয়া হয় বলে অভিযোগ প্রোমোটারের। ওই সময় তিনি কোনও প্রতিবাদ জানাতে পারেননি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যখন ওই মহিলা আইনজীবী বাপ্পাদিত্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ও তিনি গ্রেপ্তার হন, তার পরই ওই প্রোমোটার এগিয়ে এসে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলরকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।