নেপাল থেকে বাংলায় ফেরানো হচ্ছে ২জনকে, এখনও নিখোঁজ ৩৭

Image: SNS

নেপালে ভয়াবহ হড়পা বানে (Nepal Flash Flood) আটকে পড়া বাংলার ৩৯ জনের মধ্যে ২জনের খোঁজ মিলেছে। তাঁরা দু’জনই বসিরহাটের বাসিন্দা। বর্তমানে কাঠমাণ্ডুতে রয়েছেন। তাঁদের বিমানে করে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তবেও এখনও পর্যন্ত বাকি ৩৭ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী  (Suvendu Adhikari)বলেন, ‘এটা শুধু আপনার সঙ্কট নয়, গোটা রাজ্য এনিয়ে চিন্তিত। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি সকলকে নিরাপদে ফেরানোর।‘

নিখোঁজদের সন্ধানে নেপালে (Nepal Flash Flood) একটি বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হবে। এই গ্রুপের মাধ্যমে নেপালে আটকে থাকা বা নিখোঁজদের বিষয়ে দ্রুত তথ্য জানানো হবে।

আরও পড়ুন: নেপালে মৃত বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ১৯২৪, যোগাযোগ বিচ্ছিন্ন ৩২০ ভারতীয়র সঙ্গে


নেপালে নিখোঁজদের মধ্যে (Nepal Flash Flood) প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ে পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা রায়ও রয়েছেন। কৈলাসে-মানস সরোবর যাত্রায় গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্ত্রীকে দ্রুত খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেপালের পাশাপাশি দিল্লি এবং চিনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিখোঁজ (Nepal Flash Flood) ৩৯ জনের মধ্যে ৩২ জন কলকাতার একটি পর্যটন সংস্থার মাধ্যমে নেপালে গিয়েছিলেন। তাঁদের খোঁজে সংস্থার পক্ষ থেকেও চার সদস্যের একটি দল নেপালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোর ৪টে থেকে দলটি বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজ চালালেও নিখোঁজ পর্যটকদের কারও সন্ধান মেলেনি।

আরও পড়ুন: নেপালের উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত, চাপে পড়ে আন্তর্জাতিক সাহায্য নিতে রাজি নেপাল

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালল জানিয়েছেন, নেপালে এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার কাঠমাণ্ডু থেকে ২১ জন ভারতীয় দিল্লিতে পৌঁছেছেন। তাঁরা সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। বৃহস্পতিবার কাঠমাণ্ডুতে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। পরে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, মানস সরোবর যাত্রায় যাওয়া ৯৬ জন ভারতীয় চিন-নেপাল সীমান্ত পেরিয়ে নিরাপদে নেপালে পৌঁছেছেন। অন্যদিকে, নেপালের পর্যটন মন্ত্রকে তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টে পর্যন্ত মোট ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

নেপালের ভয়াবহ বিপর্যের (Nepal Flash Flood) প্রভাব পড়েছে ভারতের সীমান্তবর্তী এলাকাতেও। উত্তরপ্রদেশের সীমান্তঘেঁষা দুই জেলা থেকে এখনও পর্যন্ত সাতটি দেহ উদ্ধার হয়েছে বলে খবর। নেপাল থেকে বয়ে আসা নদীর জলেই দেহগুলি ভেসে এসেছে বলে প্রশাসনের অনুমান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নেপালের হড়পা বানের জেরেই মৃত্যু হয়েছে তাঁদের। তবে উদ্ধার হওয়া দেহগুলির এখনও শনাক্তকরণ সম্ভব হয়নি।

দেখুন: নেপালে উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও ৩১৫-র বেশি নিখোঁজ: বিদেশমন্ত্রী