বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকেই একের এক বদল হয়ে চলেছে। এবার বদল করা হল রাজ্যের নির্বাচন কমিশনে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী অধিকারিক করা হয়েছে ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার নীলম মিনাকে।
২৫ মে অর্থাৎ সোমবার ভারতের নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি রাহুল শর্মার সই রয়েছে চিঠিতে। সেই চিঠিতে বলা হয়েছে বিদায়ী সিইও মনোজ কুমার আগরওয়ালের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নীলম মিনাকে। খুব তাড়াতাড়িই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বলে খবর।
ছাব্বিশের নির্বাচনে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। তবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর তাঁকে মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
মনোজ কুমার আগরওয়াল মুখ্যসচিব দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই রাজ্যের সিইও পদটি খালি হয়ে যায়। সেই জায়গাতেই এবার নির্বাচন কমিশন নীলম মিনাকে নিয়োগ করেছে। কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছেষ নীলম মিনা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই যেন তাঁর আবাসন এবং অফিসের সমস্ত যোগাযোগ নম্বর দ্রুত কেন্দ্রীয় কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়।
ভোটে জয় ও নবান্নে নতুন সরকার গঠনের পর শুভেন্দু অধিকারী মন্ত্রীসভা দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে। তাতে রাজ্য সরকারের এই শীর্ষ স্তরে রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।