শিলিগুড়ি থেকে মায়াপুর চালু হতে চলেছে বাস, পর্যটকদের জন্য এনবিএসটিসি’র নয়া পরিষেবা

NBSTC New Bus Route Photo-SNS

নাগাড়ে বৃষ্টি হয়ে গিয়েছে রাজ্যে। শীতের হালকা আমেজ সকলেই টের পাচ্ছেন। তাই এই আবহে পিকনিক কিংবা ঘুরতে যাওয়ার ইচ্ছে সকলেরই করে থাকে। ছোট ট্যুরের খোঁজ করতে থাকেন বিপুল পর্যটকরা। আর সেটারই এবার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। আর তাতে জুড়তে চলেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। একদিক প্রাকৃতিক দৃশ্য অপরদিকে তীর্থ একসঙ্গে দুটো বিষয় পেতে চলেছেন পর্যটকরা। এবার শিলিগুড়ির সঙ্গে সড়কপথে জুড়তে চলেছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র মায়াপুর। তাই সংশ্লিষ্ট নতুন রুটে বাস নামাতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। এই খবর চাউর হতেই পর্যটকদের মনে খুশির হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যেই তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে।

রবিবার এনবিএসটিসি এই বাস পরিষেবা চালু করতে চলেছে। একইসঙ্গে রাস উৎসব উপলক্ষ্যে কোচবিহারে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি। তারা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বৈঠক করেছে। শিলিগুড়িতে রয়েছে মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। আর মায়াপুরে এসে করা যাবে তীর্থ। শিলিগুড়ি থেকে বাসে করে মায়াপুর এসে মেতে ওঠা যাবে কৃষ্ণের নাম-গানে। এখানের সন্ধ্যা আরতি দেখে মন মুগ্ধ হয়ে যাবে। তেমনই শিলিগুড়ি পৌঁছে প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে। শুধু তাই নয়, শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় পাহাড়ে। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এখান থেকে সহজে পাহাড়ে এবং ডুয়ার্সে যাওয়া সম্ভব। তাই এই এলাকার সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটনকেন্দ্র মায়াপুরকে জুড়তে চলেছে এনবিএসটিসি।

এই উদ্যোগ অত্যন্ত আকর্ষণীয় বলে মনে করছেন অনেকে। কারণ মায়াপুর ধর্মীয় পর্যটনকেন্দ্র বলেই পরিচিত। এখানেই ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা। যাঁদের একটা অংশ উত্তরবঙ্গ সফরে আসেন। এনবিএসটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নানা মহলের দাবি অনুযায়ীই শিলিগুড়ি-মায়াপুর এই নতুন রুটে ৫৬ আসন বিশিষ্ট বাস নামানো হচ্ছে। রবিবার আনুষ্ঠানিকভাবে বাসের উদ্বোধন করা হবে। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের মানুষজন যেমন মায়াপুরে যেতে পারবেন, ঠিক তেমনি সেখান থেকে দেশ-বিদেশের পর্যটকরা আসতে পারবেন শিলিগুড়িতে। এই রুট লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।


তাছাড়া দুর্গাপুজোর আগে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ-কলকাতা এবং তারও আগে শিলিগুড়ি-দক্ষিণ দিনাজপুরের মহিপাল রুটে বাস নামানো হয়। এখন দুটি রুটেই বাসের চাহিদা আছে। বাসে যাত্রীদের ভিড়ও হচ্ছে। এনবিএসটিসির সদর কার্যালয় কোচবিহারে। কদিন পরই সংশ্লিষ্ট শহরে শুরু হয়ে যাবে রাস উৎসব। এই উৎসবের সঙ্গে কোচবিহার জেলার আবেগ জড়িত রয়েছে। জেলার গ্রাম থেকে মেলায় ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সহায়তায় জেলায় অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।