দু’দিন আগেই বিজেপির অন্দরে এসআইআর করার দাবি জানিয়েছিলেন নন্দীগ্রামের নেতা। আর এই দাবি জানিয়ে বিস্তর চর্চায় চলে আসেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। তারপর সব চুপচাপ। এবার আবারও সমাজমাধ্যমে তাঁর পোস্ট। যা নিয়ে রীতিমতো রাজ্য-রাজনীতিতে প্রলয় কাণ্ড। নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। কারণ প্রতিবাদ করতে তিনি ভয় পান না বলে সরাসরি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। এমনকী খুব বেশি হলে মৃত্যু হবে বলেও মন্তব্য করেছেন সমাজমাধ্যমে। যা সবাই দেখেছেন। তাতেই এখন বিজেপির অন্দরে প্রলয় কাণ্ড।
এদিকে আগে যে পোস্ট করেছিলেন প্রলয় পাল তাতে তাঁকে ভয় দেখানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। তাই কী তিনি ভয় পান না বলে পাল্টা বার্তা দিলেন? উঠছে প্রশ্ন। শনিবার প্রলয় পাল ফেসবুক পোস্টে লিখলেন, ‘প্রতিবাদ করতে ভয় পাও? আমি তো পাই না। কারণ খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে, যাকে আমি ভয় পাই না।’ তাঁর এই পোস্টের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আগের পোস্টের পর তাঁকে ভয় দেখানো বা হুমকি দেওয়া হয়েছে? তিনি কি প্রাণনাশের আশঙ্কা করছেন? যদিও এই নিয়ে সরাসরি কিছু খোলসা করেননি নন্দীগ্রামের এই বিজেপি নেতা।
অন্যদিকে কদিন আগেই সমাজমাধ্যমে বিজেপির অন্দরে এসআইআর চেয়ে একটি পোস্ট করেছিলেন প্রলয় পাল। যার ব্যাখ্যা দিয়েছিলেন, সরকারের ছয় মাসের মাথায় দলেরই মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য সভাপতির সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রসঙ্গ টেনে। সরব হয়েছিলেন, তোলাবাজি আটকাতে না পেরে মন্ত্রীর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, বিধায়কের আক্ষেপ অথবা পুলিশ ও মণ্ডল সভাপতিদের ভূমিকা নিয়ে রাজ্য সভাপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে। প্রলয় পালের পোস্ট নিয়ে কেউ কিন্তু মন্তব্য করতে নারাজ ছিলেন তখন। আর শনিবারের এই নতুন পোস্ট গুঞ্জন আরও বাড়িয়ে দিল। এবারের পোস্ট করার পর সিপিএম জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়কের বক্তব্য, ‘রাজ্যে সরকার বদলেছে, রঙ ও ফুল পাল্টেছে ঠিকই, কিন্তু আগের মতোই চুরি, দুর্নীতি, তোলাবাজি চলছে। আর তাই প্রলয়বাবুকে এমন পোষ্ট করতে হচ্ছে।’
তাছাড়া কংগ্রেসের পক্ষ থেকেও এই পোস্ট নিয়ে মন্তব্য করা হয়েছে। কংগ্রেস নেতা মিলন প্রধান বলেছেন, ‘রাজ্য ও নন্দীগ্রাম এখনও পুরনো ধাঁচেই চলছে এবং আদি বিজেপি নেতারা কোণঠাসা। যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁরাই এখন দল পরিচালনা করছেন। আর সেই পরিস্থিতিতেই প্রলয়বাবু এমন ‘বিপ্লবী’ অবস্থান নিয়েছেন।’ কিন্তু প্রলয় পালের সাফাই, ‘স্পষ্ট কথা বলে অনেকের সঙ্গে শত্রুতা বাড়ে। আমি কাউকে ভয় পাই না, সত্যি কথা বলতে। তবে সত্যি কথা বললে অনেকের কাছেই খারাপ হই।’