রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। বিভিন্ন সরকারি প্রকল্পের প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক মঞ্জুরির প্রক্রিয়া আরও দ্রুত করতে এবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের নিজস্ব আর্থিক ক্ষমতা পুনর্মূল্যায়ন ও সংশোধন করল রাজ্য সরকারের অর্থ দপ্তর। সম্প্রতি অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চের পক্ষ থেকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এর আগে ২০২৫-এর জুলাই ও অক্টোবর মাসে শেষবার প্রশাসনিক দপ্তরগুলির এই আর্থিক ক্ষমতা সংশোধন করা হয়েছিল। জানা গিয়েছে, সরকারি প্রকল্পগুলি যাতে আটকে না থাকে সেই উদ্দেশ্যেই এই ক্ষমতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন দপ্তরকে কয়েকটি ভাগে ভাগ করে সরাসরি আর্থিক মঞ্জুরির ক্ষেত্রে অধিকার দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পূর্ত দপ্তর, নগরোন্নয়ন ও পুর বিষয়ক, সেচ ও জলপথ, জনস্বাস্থ্য ও কারিগরি, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এখন থেকে ৩ কোটি টাকা পর্যন্ত মূল্যের প্রকল্পে প্রশাসনিক ও আর্থিক অনুমোদন সরাসরি নিজেরাই দিতে পারবে।
অন্যদিকে পশ্চিমাঞ্চল উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন, এবং সুন্দরবন বিষয়ক দপ্তরকে এবার থেকে ১ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের অনুমোদন দেওয়ার আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। তালিকায় নির্দিষ্ট করে বলে দেওয়া দপ্তরগুলি ছাড়া বাকি সমস্ত সরকারি দপ্তরের ক্ষেত্রে এই আর্থিক ক্ষমতার ঊর্ধ্বসীমা ৭৫ লক্ষ টাকা করা হয়েছে।
তবে নবান্নের এই নির্দেশিকায় একটি বিশেষ শর্তও জুড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বর্ধিত ক্ষমতার সুবিধা নিয়ে কোনও প্রকল্পের প্রশাসনিক ও আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের আর্থিক উপদেষ্টার সম্মতি নেওয়া বাধ্যতামূলক। সেইসঙ্গে দপ্তরগুলিকে নিজেদের নির্দিষ্ট বাজেট বরাদ্দের বিষয়টিও যথাযথভাবে বিবেচনা করতে বলা হয়েছে।