রাজ্যে চলমান ও প্রস্তাবিত রেল প্রকল্পগুলির কাজের গতি বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের এই বিশেষ কমিটি সরাসরি মুখ্যসচিবের তত্ত্বাবধানে কাজ করবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প যাতে প্রশাসনিক জটিলতা বা সমন্বয়ের অভাবে আটকে না পড়ে, তা নিশ্চিত করাই হবে এই টাস্ক ফোর্সের মূল লক্ষ্য।
রাজ্য সরকার ও রেল মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়ানো, জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য প্রশাসনিক বাধা দ্রুত মেটানোর উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।
মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে থাকছেন স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার এবং পূর্ত দপ্তরের শীর্ষ আমলারা। পাশাপাশি রেল বোর্ড, পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, কলকাতা মেট্রো রেল এবং রেল বিকাশ নিগমের প্রতিনিধিরাও সদস্য হিসেবে থাকবেন। নির্দেশিকা অনুযায়ী, কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে বৈঠকে বসে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করবেন।
এই বৈঠক আহ্বান করবেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব। এছাড়া মুখ্যসচিব প্রতি মাসে অন্তত একবার প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন এবং প্রয়োজন হলে অতিরিক্ত বৈঠকও ডাকতে পারবেন।
নবান্নের আশা, এই টাস্ক ফোর্সের মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ দ্রুত এগোবে এবং প্রশাসনিক জটিলতার দ্রুত সমাধান সম্ভব হবে। এতে রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নের কাজ আরও গতি পাবে। প্রত্যেক মাসে বৈঠক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।